কলকাতা:প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে রক্ত ঝরেছিল প্রদেশ কংগ্রেসের কার্যালয়,বিধান ভবনে। এবার ৭ কেন্দ্রে নিজেদের প্রার্থী বদল করার কথা ঘোষণা করল কংগ্রেস। প্রথমে ২৮৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। তার পরে বাকি ১০ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে। তারপরে এবার প্রার্থী বদল।
বুধবার বিজ্ঞপ্তি জারি করে কংগ্রেস জানিয়েছে, নাকাশিপাড়া, চাপড়া, হাবড়া, মিনাখাঁ, মন্দিরবাজার, রায়না, কেতুগ্রাম, আউসগ্রামে প্রার্থী বদল করা হয়েছে।
নাকাশিপাড়ায় এর আগে গোলাম কিবরিয়া মণ্ডলের বদলে কংগ্রেস প্রার্থী করেছে তাহির শেখকে। চাপড়ায় রাহিদুল মণ্ডলের বদলে প্রার্থী করা হয়েছে আসিফ খানকে। মিনাখাঁয় বর্ণালি নস্করের বদলে প্রার্থী করা হয়েছে সুনয়না বিশ্বাসকে। রায়নায় অনীক সাহার বদলে কংগ্রেসের প্রার্থী পম্পা মালিক।
মন্দিরবাজার বিধানসভা। এই আসনে প্রথমে কৌশিক বৈদ্যের নাম ঘোষণা হয়। কিন্তু দেওয়াল লিখন শুরু হয় চাঁদ সর্দারের নামে। কৌশিক কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বি-ফর্ম নিতে গেলে স্থানীয় নেতৃত্বের চাপে তাঁকে বি-ফর্ম দেওয়া হয়নি। শেষে নতুন প্রার্থী ঘোষণা হল। প্রার্থী হয়েছেন চাঁদ সর্দারই।
কেতুগ্রামে মফিরুল কাসেমের বদলে প্রার্থী করা হয়েছে আবু বক্করকে। আউসগ্রামে নিশা বড়ালের বদলে তাপস বড়ালকে প্রার্থী করেছে কংগ্রেস।

৭ কেন্দ্রের প্রার্থী বদল কেন্দ্রের
হাবড়ায় প্রার্থীর নাম ঘোষণা বাকি ছিল। সেখানে প্রার্থী করা হয়েছে প্রণব ভট্টাচার্যকে। তবে তাঁকে ঘিরেও অসন্তোষ রয়েছে দলের অন্দরে। অরিজিৎ ভট্টাচার্য নামে একজনকে প্রার্থী করার দাবি ছিল।
প্রার্থী তালিকা ঘোষণার পরে বিভিন্ন এলাকায় কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বহিরাগতদের প্রার্থী করা হয়েছে এবং কর্মী ও স্থানীয় নেতাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি-এমন অভিযোগ ওঠে। কলকাতায় দলের সদর দফতরেও বিক্ষোভ হয়, যেখানে মারধরের ঘটনাও ঘটে এবং একজন আহত হন। এই পরিস্থিতির জেরেই প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

