Dailyhunt
Cooch Behar News: লাগাতার বৃষ্টিতে সর্বনাশ! নদীর উপরের সাঁকো ভেঙে চরম ভোগান্তি, ঝুঁকি নিয়ে কলার ভেলায় চলছে পারাপার

Cooch Behar News: লাগাতার বৃষ্টিতে সর্বনাশ! নদীর উপরের সাঁকো ভেঙে চরম ভোগান্তি, ঝুঁকি নিয়ে কলার ভেলায় চলছে পারাপার

শীতলকুচি, কোচবিহারঃ বিগত কয়েকদিন ধরে কোচবিহারে লাগাতার বৃষ্টি চলছে। তার জেরে সাঁকো ভেঙে বিপত্তির সম্মুখীন বহু মানুষ। ঝুঁকি নিয়ে কলার ভেলা করে নদী পারাপার করছেন শীতলকুচির লালবাজার পঞ্চায়েতের দেবনাথপাড়ার বাসিন্দারা।

জানা যাচ্ছে, গত জানুয়ারি মাসে গিরিধারী নদীর উপর অবস্থিত এই অঞ্চলের সেতুটি ভেঙে যায়।

এরপর প্রশাসনের তরফে একটি অস্থায়ী সাঁকো তৈরি করে দেওয়া হয়। তবে একটানা বৃষ্টিতে গত বৃহস্পতিবার সেই সাঁকোর একাংশও ভেঙে যায়। এর ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃরায়গঞ্জের মাটি থেকে ভিয়েতনাম! আন্তর্জাতিক নৃত্য উৎসবে শহরের খুদে নৃত্যশিল্পী, সমন্বীতার স্বপ্নের উড়ানে গর্বিত সকলে

এই বিষয়ে ব্লক প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই সাঁকো সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের দিকে নজর রেখে দ্রুত কাজ করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে কলার ভেলায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।

এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, ঘুরপথে যেতে হলে অনেকখানি সময় লাগে। সেই জন্য বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এভাবে যেতে হচ্ছে। ভেঙে যাওয়া সাঁকো দ্রুত সংস্কার করার পাশাপাশি নয়া ব্রিজের দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে শীতলকুচির বিডিও অনিন্দিতা সিনহা ব্রহ্মা বলেন, ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে। এই বিষয়ে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, লাগাতার বৃষ্টির জেরে কিছুদিন আগেই ফাঁসিরঘাটের অস্থায়ী সেতু তথা বাঁশের সাঁকো ভেঙেছিল। সেই কারণে সমস্যায় পড়েন হাজার হাজার মানুষ। এবার সামনে এল লালবাজার পঞ্চায়েতের দেবনাথপাড়ার বাসিন্দাদের দুর্ভোগের কথা। কবে এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali