ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:বর্ধমান থেকে গ্রেফতার হওয়া জঙ্গি হামিম মণ্ডল ইস্যুতে বিগত দুই সরকারকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচাৰ্য। শমীক ভট্টাচাৰ্যের দাবি, ''সিপিআইএমের আমলে বাংলা ছিল 'Safe passage', সেটাই তৃণমূল সরকারের আমলে তা পরিণত হয় 'Safe Home'-এ।
সমাজবিরোধীরা ভাবত এটা তাদের সরকার।'' বঙ্গ পদ্ম সেনাপতি শমীক ভট্টাচার্যের কথায়, ''বিশেষ করে যেভাবে গত তৃণমূল সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বাকি নেতা- মন্ত্রীরা কথা বলতেন তাতে মৌলবাদীরা ভাবতেন এটা তাদেরই সরকার।''
পাশাপাশি যেখানে ধর্মান্ধ মৌলবাদ থাকবে সেখানেই সন্ত্রাসবাদের জন্ম হবে বলেও স্পষ্ট জানিয়ে শমীকের এও দাবি, ''এই কারণেই বাংলা থেকে বড়সড় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তরা এখন ধরা পড়ছে। পশ্চিমবঙ্গকে বারুদের স্তুপে বসিয়ে দিয়ে চলে গিয়েছে তৃণমূল।'' সুশাসনের পাশাপাশি তাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য যে অপরাধ মুক্ত বাংলা গড়া তাও স্পষ্ট করলেন শমীক ভট্টাচাৰ্য।
বলা বাহুল্য, পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের রেনেসাঁ উপনগরী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের নাম হামিম মণ্ডল। বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, প্রাথমিক তদন্তে ধৃতের সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগাযোগের কিছু সূত্র মিলেছে। গ্রেফতার করা হয়েছে হামিমের বান্ধবীকেও। পুলিশি তদন্তে তাদের সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ধৃত জঙ্গির টার্গেট ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলে তদন্তে উঠে এসেছে। আর এই আবহেই পূর্বতন সরকারকে নিশানা করে অভিযোগের বোমা ফাটালেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচাৰ্য।

