আনিশ উদ্দিন মোল্লা, কুলপি: দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের জামাল বাশবেড়িয়া গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনায় মৃতার স্বামীকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা ও অশান্তি হয়।
বুধবার সকালে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ তাদের কোনও সাড়া না পেয়ে বাড়িতে খোঁজ নিতে যান। তখন ঘরের বিছানার উপর গৃহবধূ সরবানু বিবিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে মৃতার স্বামী সিরাজ শেখ (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। মৃত সরবানু বিবির আট বছরের এক কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
অন্যদিকে, গত মাসের শেষ দিকে ত্রিকোণ প্রেমের ঘটনায় খুন হয় বাগডোগরায়! জানা গিয়েছে, বাগডোগরার দেওমুনি চাবাগানের পেশায় রাজমিস্ত্রি মালাকু মুন্ডা ১৫ বছর আগে সুনিতা মুন্ডাকে বিয়ে করেন। বিয়ের ৭ বছর পর থেকে সুনিতা মিঠু বর্মন নামে এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এই সম্পর্ক ঠিক করতে একাধিকবার সালিসি সভা বসলেও লাভ হয়নি।
শেষমেষ এক বছর আগে স্বামীর বাড়ি ছেড়ে প্রেমিককে নিয়ে ভাড়া বাড়িতে চলে যায় সুনিতা! ৩০ অগাস্ট রাতে মালাকু ও মিঠুর মধ্যে দেখা হওয়ার পর ক্ষোভ ও বিবাদের পরিস্থিতি সৃষ্টি হয়। এতেই মিঠুর উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় মালাকু। পরে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মিঠুর। এই ঘটনায় গ্রেফতার করা হয় মালাকুকে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

