Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Crime News: টাইমস স্কোয়ারে রক্তাক্ত হামলা, দু'জনকে ছুরির আঘাত, পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত মহিলা

Crime News: টাইমস স্কোয়ারে রক্তাক্ত হামলা, দু'জনকে ছুরির আঘাত, পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত মহিলা

নিউইয়র্ক: নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কোয়ারে মঙ্গলবার ছুরি নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এক মহিলা পরপর দু-জনকে ছুরি দিয়ে আঘাত করার পর ঘটনাস্থলে পৌঁছনো পুলিশ তাঁকে প্রথমে টেজার দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ওই মহিলা পুলিশের দিকে এগিয়ে এলে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত মহিলার।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, হামলায় আহত দু-জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল।

মামদানি বলেন, "গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত হামলাকারীরও মৃত্যু হয়েছে। দ্বিতীয় আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।" পুলিশ আধিকারিকদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে মেয়র বলেন, "একটি ভয়াবহ হামলা যাতে আরও বড় আকার নিতে না পারে, তা রুখে দেওয়ার জন্য NYPD আধিকারিকদের ধন্যবাদ জানাই।"

ছুরি নিয়ে হামলা, পুলিশের গুলিতে মৃত্যু

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলার হাতে দুটি ছুরি ছিল। স্থানীয় সংবাদমাধ্যম PIX11-কে এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ তাঁকে টেজার দিয়ে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু এরপর ওই মহিলা পুলিশের দিকে এগিয়ে গেলে আধিকারিকরা গুলি চালান। প্রত্যক্ষদর্শীর কথায়, "তাঁকে দু'বার গুলি করা হয়।"

নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) ঘটনাটিকে 'অফিসার-ইনভলভড শুটিং' হিসেবে চিহ্নিত করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে এবং পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। NYPD-এর এক মুখপাত্র সংবাদসংস্থা AFP-কে বলেন, "এই মুহূর্তে তদন্ত সক্রিয়ভাবে চলছে।" এখনও পর্যন্ত হামলাকারী মহিলা বা আহত দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

জঙ্গি যোগের প্রমাণ মেলেনি

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ পাওয়া যায়নি। কী কারণে ওই মহিলা হামলা চালালেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁর মানসিক স্বাস্থ্যের বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

ম্যানহাটনের টাইমস স্কোয়ার নিউইয়র্কের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র এবং জনপ্রিয় বিনোদন এলাকা। এমন জনবহুল এলাকায় ছুরি হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার তদন্ত এখনও চলছে। হামলার নেপথ্যে ঠিক কী কারণ ছিল এবং অভিযুক্ত মহিলার পরিচয় কী, সে বিষয়ে আরও তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে প্রশাসন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali