ওয়াশিংটন: ইরানের বন্দরগুলির উপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট করে তিনি জানান, হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলি এবার ধীরে ধীরে নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দিতে পারবে।
ট্রাম্প লেখেন, "আমাদের অভূতপূর্ব নৌ অবরোধের কারণে যে জাহাজগুলি হরমুজ প্রণালীতে আটকে ছিল, তারা এবার ঘরে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারে।" তাঁর এই ঘোষণার পর আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট একইসঙ্গে জানান, ইরানের সঙ্গে শান্তি চুক্তি হবে কি না, সেই বিষয়ে তিনি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন। এদিন তিনি বলেন, "আমি এখন সিচুয়েশন রুমে বৈঠকে যাচ্ছি, সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, কোনও পরিস্থিতিতেই ইরানকে পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়ার বিষয়েও ইরানকে সম্মত হতে হবে।
নিজের পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, ইরান দ্রুত হরমুজ প্রণালীতে পাতা মাইন সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করবে। একইসঙ্গে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার ফলে তেলবাহী জাহাজ-সহ অন্যান্য বাণিজ্যিক ট্যাঙ্কারের চলাচল আবার স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক মহলের মতে, পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ট্রাম্পের এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ব তেল বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী ঘিরে যে কোনও সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে।

