ক্রিকেট ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায়ের সাক্ষী হতে চলেছে ভারত। সব কিছু ঠিক থাকলে, প্রথমবারের মতো কোনো অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ খেলা হবে ভারতীয় মাটিতে। আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিগ ব্যাশ লিগ ২০২৬-২৭ মরশুমের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।
যেখানে মুখোমুখি হবে মেলবোর্ন রেনিগেডস এবং পার্থ স্করচার্স।
দীর্ঘ দিন ধরে চলা এই জল্পনা আগামী সপ্তাহেই বাস্তবে রূপ নিতে পারে। ধারণা করা হচ্ছে, আগামী ৮ থেকে ১০ জুলাই সিডনি সফর চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের পরিধি বাড়াতে এই ঐতিহাসিক ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই চেন্নাই সফর করে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে।
এই মেগা প্রজেক্টটি বাস্তবায়নে বিসিসিআই এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনও ইতিবাচক সাড়া দিয়েছে। প্রাথমিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতে একাধিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা করলেও, সময়সূচীর জটিলতার কারণে তা শুধুমাত্র উদ্বোধনী ম্যাচেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এই ম্যাচের জন্য রেনিগেডস দল অস্ট্রেলিয়ায় নিজেদের একটি হোম ম্যাচ হাতছাড়া করে ভারতে 'হোস্ট' হিসেবে খেলবে।
তবে ভারতীয় মাটিতে এই ম্যাচ সফলভাবে আয়োজন করা মোটেও সহজ হবে না। অস্ট্রেলিয়া থেকে চেন্নাইয়ের কোনো সরাসরি ফ্লাইট না থাকায় দুই দলকেই ট্রানজিটসহ প্রায় ১৩ ঘণ্টার দীর্ঘ বিমান যাত্রা করতে হবে, যার প্রভাব পড়তে পারে টুর্নামেন্টের সময়সূচীতে। এছাড়া ডিসেম্বর মাসে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও থাকে। সব বাধা পেরিয়ে ক্রিকেটের এই নতুন মেলবন্ধন কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

