কলকাতা : ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপে ৪৮টি দল খেলবে। এবারের বিশ্বকাপ তিনটি দেশে অনুষ্ঠিত হবে। ৪৮ দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে কোন গ্রুপ সবচেয়ে কঠিন-তা নিয়ে শুরু হয়েছে ক্রীড়া বিশ্লেষকদের জোর আলোচনা।
সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে গ্রুপ-এল, গ্রুপ-আই ও গ্রুপ-সি, যেখানে অংশ নেওয়া প্রতিটি দলই এবারের বিশ্বকাপে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
নেটিজেনরাও এই গ্রুপগুলোকে বলছেন 'গ্রুপ অব ডেথ'। তার মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে গ্রুপ-এল,যেখানে রয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
ক্রোয়েশিয়া ফিফা বিশ্বকাপের ধারাবাহিকতার আরেক নাম। ২০১৮ সালে রানার্স-আপ এবং ২০২২ সালে সেমিফাইনালিস্ট। বিশ্বকাপে ক্রোয়েশিয়া মানেই ভয়ঙ্কর প্রতিপক্ষ। টেকনিক্যাল ফুটবলে তারা এখনও বিশ্বের অন্যতম সেরা। লুকা মদরিচ, মাতেও কোভাসিচ ও জোস্কো গভার্দিওল এই আসরে দলকে নেতৃত্ব দেবেন।
যদিও অনেকে বলছেন, এবারের বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ হল- গ্রুপ আই। ফ্রান্স, নরওয়ে, সেনেগাল, ইরাক। এই চারটি দলকে নিয়ে গ্রুপ আই। ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তারকায় ঠাসা ফরাসি দল ফুটবল বিশ্বকে আবারও চমকে দিতে পারে। গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। এই গ্রুপকেও অনেকে বলছেন গ্রুপ অফ ডেথ।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে বসনিয়ার কাছে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ইতালির। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে জিততেই হত ইতালিকে। কিন্তু নর্থ আমেরিকায় পেনাল্টি শুটে ১-৪ গোলে হারে তারা।
এবার ৪৮ দলের বিশ্বকাপ। এই প্রথম। ফলে এবার যে একটাই গ্রুপ অফ ডেথ হবে না, সেটা অনেকেই আন্দাজ করেছিলেন। আর বাস্তবে হলও তাই।

