কলকাতা: আরজি কর নির্যাতিতার নাম প্রকাশ্য বলে ফেলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আরজি কর ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। খুবই আবেগতাড়িত ছিলেন সেই সময়। কথা বলতে বলতে তিনি আরজি কর নির্যাতিতার নাম বলে ফেলেন। এবার সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়।
এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাংসদ অভিনেত্রী। তিনি বলেন, সেই আলোড়নের সময় আমরা সবাই খুব আবেগপ্রবণ ছিলাম। সেই সময় হয়তো কোনও সাক্ষাৎকারের মাঝে অজান্তে আমার মুখ দিয়ে নির্যাতিতার নাম বেরিয়ে গিয়েছিল। তার জন্য পরবর্তীতে আমি দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছিলাম। এবার কেউ যদি থানায় অভিযোগ দায়ের করেন তাহলে আমাকেও আইনি পথে এগোতে হবে।
তিনি উল্লেখ করেন যে এই নিয়ে তিনি প্রকাশ্য কোনও কথা বলতে চান না। যেহেতু এটি আইনি বিষয় তাই তিনিও তাঁর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আইনি পথে এগোবেন। তবে এখনও পর্যন্ত চারু মার্কেট থানার থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা হয়নি। এই বিষয় নিয়ে কোনও ফোনও পাননি তিনি। যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন তিনি।
আরও পড়ুন FIR on Rachana Banerjee: বিপাকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, চারু মার্কেট থানায় FIR দায়ের
বাংলার অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে এবার অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট থানায়। আইনজীবী শায়ন সচিন বসু চারু মার্কেট থানায় এই লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ২০২৪ সালের ১৫ অগস্ট সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে রচনা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আরজি করের নির্যাতিতার নাম প্রকাশ করেন, যা আইনত দণ্ডনীয়। আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। বিষয়টি নিয়ে অবিলম্বে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আবেদন জানান তিনি।

