কলকাতা:সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ১০ম শ্রেণি পাশ প্রার্থীদের জন্য বড় খবর। ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীন ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ২৫ হাজারেরও বেশি পদে কর্মী নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়োগের জন্য প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষায় বসতে হবে না।
১০ম শ্রেণির ফলাফলের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে।
কোন কোন পদে নিয়োগ?
ডাক বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন পোস্ট অফিসে ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে One-Time Registration (OTR) করতে হবে। OTR প্রক্রিয়া শুরু হবে ৩১ অগাস্ট ২০২৬ থেকে। এরপর ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। যোগ্য প্রার্থীরা India Post-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১০ম শ্রেণিতে কী কী বিষয় থাকতে হবে?
GDS পদে আবেদন করার জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে গণিত ও ইংরেজি বিষয়-সহ ১০ম শ্রেণি পাশ করতে হবে। এর পাশাপাশি, যে রাজ্য বা এলাকার জন্য আবেদন করা হবে, সেই পদের জন্য নির্ধারিত স্থানীয় ভাষার শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে।
স্থানীয় ভাষার ক্ষেত্রে বিশেষ নিয়ম
অরুণাচল প্রদেশ, গোয়া, সিকিম এবং নাগাল্যান্ডের মতো কয়েকটি রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে স্থানীয় ভাষা নিয়ে বিশেষ নিয়ম রয়েছে। ইংরেজি বা হিন্দির পাশাপাশি সংশ্লিষ্ট স্থানীয় জনজাতীয় ভাষা বা উপভাষা সম্পর্কে জ্ঞান প্রয়োজন হতে পারে। কোনও এলাকায় সংশ্লিষ্ট স্থানীয় ভাষা ১০ম শ্রেণি পর্যন্ত পড়ানো না হলে, নির্ধারিত কর্তৃপক্ষের দেওয়া শংসাপত্রের মাধ্যমে প্রার্থীর ভাষাজ্ঞান যাচাই করা হতে পারে।
আবেদন ফি কত?
GDS নিয়োগে সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। তবে SC, ST, PwBD, মহিলা এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
আবেদনের সময় কোন নথি লাগবে?
অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে-
১০ম শ্রেণির মার্কশিট
পরিচয়পত্র
জাতিগত শংসাপত্র, প্রযোজ্য ক্ষেত্রে
PwBD শংসাপত্র, প্রযোজ্য ক্ষেত্রে
EWS শংসাপত্র, প্রযোজ্য ক্ষেত্রে
জন্মতারিখের প্রমাণ
সরকারি হাসপাতাল বা ডিসপেনসারি থেকে দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট
স্থানীয় বা জনজাতীয় ভাষার শংসাপত্র, যেখানে প্রযোজ্য
আবেদন করার সময় নথিতে থাকা তথ্য এবং আবেদনপত্রে দেওয়া তথ্যের মধ্যে যেন কোনও অমিল না থাকে, সে বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন?
GDS নিয়োগ ২০২৬-এ আবেদন করতে প্রথমে India Post-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর মোবাইল নম্বর ও ই-মেল আইডির মাধ্যমে OTR সম্পূর্ণ করতে হবে। OTR-এর পর পাওয়া রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য এবং ১০ম শ্রেণির শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য দিতে হবে।
পরবর্তী ধাপে পছন্দের বিভাগ ও পদ নির্বাচন করে নির্দিষ্ট মাপ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। সব তথ্য ভালোভাবে যাচাই করার পর আবেদনপত্র জমা দিতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ও নথি ভালোভাবে যাচাই করে নেওয়াই প্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

