নয়াদিল্লি: ডিজিটাল আনরিজার্ভড (Unreserved) টিকিট নিয়ে ভ্রমণকারীদের জন্য নতুন করে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল ভারতীয় রেল। রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, Rail One অ্যাপে বুক করা আনরিজার্ভড টিকিট যাচাইয়ের সময় শুধুমাত্র অ্যাপে থাকা অরিজিনাল ডিজিটাল টিকিটই বৈধ বলে গণ্য হবে।
টিকিটের স্ক্রিনশট, ছবি, PDF কপি বা WhatsApp-এ ফরওয়ার্ড করা টিকিট কোনওভাবেই গ্রহণযোগ্য হবে না। রেলের দাবি, ডিজিটাল টিকিটের অপব্যবহার রুখতেই এই নিয়ম আরও কড়াভাবে কার্যকর করা হচ্ছে।
কোন টিকিট বৈধ?
রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী-
Rail One অ্যাপের অরিজিনাল টিকিট দেখাতে হবে।যে মোবাইল ফোন এবং মোবাইল নম্বর দিয়ে টিকিট বুক করা হয়েছে, সেই ডিভাইসেই টিকিট থাকতে হবে।স্ক্রিনশট, ছবি, PDF বা WhatsApp-এ পাঠানো টিকিট বৈধ নয়।
সম্প্রতি কোরবা-ভিশাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেস (Train No. 18517)-এ এমনই একটি ঘটনা সামনে আসে। কোরবা থেকে রায়পুরগামী এক মহিলা যাত্রী টিকিট পরীক্ষকের কাছে WhatsApp-এ পাঠানো টিকিটের স্ক্রিনশট দেখান। তিনি জানান, তাঁর ভাই Rail One অ্যাপে টিকিট কেটে সেটির স্ক্রিনশট WhatsApp-এ পাঠিয়েছিলেন।
তদন্তে দেখা যায়, টিকিটটি বিকেল ৪:৪৫ মিনিটে কাটা হয়েছে, অথচ ট্রেনটি ৪:১০ মিনিটেই কোরবা স্টেশন ছেড়ে দিয়েছিল। এছাড়া টিকিটটি যাত্রীর নিবন্ধিত মোবাইল নম্বরেও ছিল না। ফলে টিকিটটিকে অবৈধ ঘোষণা করে রেলের নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়।
ট্রেন ছাড়ার আগে টিকিট কাটতেই হবে
রেল জানিয়েছে, ডিজিটাল আনরিজার্ভড টিকিট অবশ্যই ট্রেন ছাড়ার আগেই বুক করতে হবে। ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পরে বুক করা টিকিট, অ্যাপে দেখা গেলেও তা বৈধ হিসেবে গণ্য হবে না।
যাত্রীদের জন্য রেলের পরামর্শ
রেল যাত্রীদের কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছে-
যে মোবাইল ফোনে Rail One অ্যাপ রয়েছে, সেটি সঙ্গে রাখুন।যাত্রার সময় ফোনে পর্যাপ্ত চার্জ রাখুন।যাত্রার আগে স্টেশন, তারিখ ও অন্যান্য তথ্য মিলিয়ে নিন।স্ক্রিনশট বা ফরওয়ার্ড করা টিকিটের উপর নির্ভর করবেন না। রেলের সতর্কবার্তা, টিকিটের তথ্য ভুল থাকলে বা অরিজিনাল ডিজিটাল টিকিট দেখাতে না পারলে জরিমানা বা অন্য সমস্যায় পড়তে হতে পারে।
রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রে কী হবে?
রেল স্পষ্ট করেছে, এই নিয়ম শুধুমাত্র Rail One অ্যাপে বুক করা আনরিজার্ভড ডিজিটাল টিকিটের জন্য প্রযোজ্য। রায়পুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (DCM) অবধেশ কুমার ত্রিবেদী জানান, Rail One অ্যাপে কাটা আনরিজার্ভড টিকিট তখনই বৈধ হবে, যখন সেটি একই মোবাইল ফোন ও নিবন্ধিত নম্বরে উপলব্ধ থাকবে। WhatsApp, স্ক্রিনশট বা PDF কপি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

