Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইন্দোনেশিয়ায় প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস খুলছে আইআইএম বেঙ্গালুরু, বিশ্বজুড়ে বিস্তার ভারতের উচ্চশিক্ষার

ইন্দোনেশিয়ায় প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস খুলছে আইআইএম বেঙ্গালুরু, বিশ্বজুড়ে বিস্তার ভারতের উচ্চশিক্ষার

য়াদিল্লিঃভারতের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক স্তরে আরও শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপ নেওয়া হল। ইন্দোনেশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বেঙ্গালুরু (IIM Bangalore) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে তাদের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপন করবে।

ধাপে ধাপে এই ক্যাম্পাস চালু হবে। প্রথমে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম দিয়ে যাত্রা শুরু হলেও পরে পূর্ণাঙ্গ ডিগ্রি কোর্সও চালু করা হবে।

এর মাধ্যমে বিদেশে আইআইটি বা আইআইএম-এর চতুর্থ আন্তর্জাতিক ক্যাম্পাস গড়ে উঠতে চলেছে। বর্তমানে আইআইটি দিল্লি সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে, আইআইটি মাদ্রাজ তানজানিয়ার জানজিবারে এবং আইআইএম আহমেদাবাদ দুবাইয়ে নিজেদের আন্তর্জাতিক উপস্থিতি তৈরি করেছে।

এই উদ্যোগের মূল ভিত্তি জাতীয় শিক্ষা নীতি (NEP) 2020। এই নীতিতে দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে বিদেশে ক্যাম্পাস গড়ে তোলা এবং আন্তর্জাতিক পড়ুয়াদের আকৃষ্ট করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর লক্ষ্য শুধু শিক্ষার প্রসার নয়, গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক মজবুত করা এবং ভারতের শিক্ষা ব্যবস্থার বৈশ্বিক পরিচিতি বাড়ানো।

আবু ধাবিতে আইআইটি দিল্লি কম্পিউটার সায়েন্স, এনার্জি ইঞ্জিনিয়ারিং এবং সাসটেইনেবিলিটি বিষয়ক কোর্স পরিচালনা করছে। জানজিবারে আইআইটি মাদ্রাজ ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু করেছে। অন্যদিকে, আইআইএম আহমেদাবাদ দুবাইয়ে প্রথমে এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট প্রোগ্রাম শুরু করে ধাপে ধাপে কার্যক্রম বাড়াচ্ছে।

ইন্দোনেশিয়ায় আইআইএম বেঙ্গালুরুর নতুন ক্যাম্পাস ভারতের 'ইন্দো-প্যাসিফিক' কৌশল এবং আসিয়ান অঞ্চলের সঙ্গে শিক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, বিদেশে ভারতীয় উচ্চশিক্ষার প্রসারের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক ও শিল্পক্ষেত্রের সঙ্গে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হবে। ভারতের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি শুধু দেশের মধ্যেই নয়, বিশ্বজুড়েও নিজেদের একাডেমিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার পথে আরও এক ধাপ এগোল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali