ঝাড়গ্রাম: জঙ্গলমহলের মাটির নীচে ম্যাঙ্গানিজের সম্ভাব্য ভাণ্ডারের সন্ধানে এবার যৌথ সমীক্ষা চালানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। ঝাড়গ্রাম জেলার একাধিক সম্ভাবনাময় এলাকায় ম্যাঙ্গানিজের ভূতাত্ত্বিক ও খনিজ সম্ভাবনা খতিয়ে দেখতে MOIL Limited-কে যৌথ রিকনাইস্যান্স সার্ভে বা ফিল্ড ইনভেস্টিগেশনের অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গের Mines & Minerals Directorate।
গত ১৯ অগস্ট রাজ্যের Mines & Minerals Directorate-এর তরফে জারি করা চিঠিতে জানানো হয়েছে, ঝাড়গ্রামের সিমুলপাল, লাবনী, ভান্ডারচুয়া, পাঁচশ ফুট খদান, চৌঘা পাহাড়, হাসা ডুংরি, চৌকিশাল পাহাড়, কারকা, বেগুনদিহা, বিরমাদল এবং বাঁশপাহাড়ি-সহ একাধিক এলাকায় এই সমীক্ষা চালানো হবে।
এই যৌথ ফিল্ড ইনভেস্টিগেশনে Geological Survey of India (GSI), Indian Bureau of Mines (IBM), Directorate of Mines & Minerals (DMM) এবং West Bengal Mineral Development & Trading Corporation Limited (WBMDTCL)-এর আধিকারিকরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে উপযুক্ত আধিকারিক এবং ভূতত্ত্ববিদ মনোনীত করার নির্দেশও দেওয়া হয়েছে।
রাজ্যের চিঠি অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে যৌথ ফিল্ড ইনভেস্টিগেশন করার প্রস্তাব রয়েছে। প্রাথমিক সমীক্ষায় ম্যাঙ্গানিজের উপস্থিতি ও খনিজ সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময়ে উপযুক্ত এলাকাগুলিতে আরও বিস্তারিত খনিজ অনুসন্ধান চালানো হতে পারে। অর্থাৎ, প্রাথমিক পর্যায়ের এই সমীক্ষা সফল হলে ঝাড়গ্রামে ম্যাঙ্গানিজের সম্ভাব্য মজুত নিয়ে আরও বড় আকারে অনুসন্ধানের পথ খুলতে পারে। জঙ্গলমহলের এই অঞ্চলে ম্যাঙ্গানিজের সম্ভাব্য সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ রয়েছে। এবার কেন্দ্র ও রাজ্যের একাধিক সংস্থাকে সঙ্গে নিয়ে সরেজমিনে সমীক্ষা শুরু হওয়ায় বিষয়টি নতুন গুরুত্ব পেল।

