কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাবেন ডিএসপি পদমর্যাদা পর্যন্ত সমস্ত IPS ও WBPS আধিকারিক। রাজ্য পুলিশের সব SP ও CP-দের এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
জন্মদিনের সকালে সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে শুভেচ্ছা কার্ড ও ফুলের তোড়া পৌঁছে দিতে হবে।
জোন, রেঞ্জ, ব্যাটালিয়ন-সহ রাজ্য পুলিশের সমস্ত ইউনিটে এই ব্যবস্থা কার্যকর হবে। ৪ জুলাই থেকে ভবানী ভবন থেকে শুভেচ্ছা কার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলিকে IPS ও WBPS আধিকারিকদের জন্মতারিখের তালিকাও জমা দিতে বলা হয়েছে। কলকাতা পুলিশ বাদে কলকাতায় কর্মরত আধিকারিকদের ক্ষেত্রেও পৃথক সমন্বয়ের ব্যবস্থা থাকবে।
প্রসঙ্গত, শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেও হাজির হয়েছেন সব দলের বিধায়করা। সেখান থেকেই সকলে মিলে একসঙ্গে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খ্যমন্ত্রীর আহ্বান, 'বাংলাকে সবাই মিলে দাঁড় করাতে হবে'। এরই সঙ্গে মঞ্চ থেকে ফের একবার ৩৪ বছরের বাম আমল ও তৃণমূল সরকারকেও বিঁধতে ছাড়েননি শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'এই ব্যবস্থাপনা যারা করেছেন, সকলকে ধন্যবাদ। সংসদের সচিব থেকে শুরু করে যারা সাহায্য করেছেন, আপনাদের জন্যই এই সফল প্রোগ্রাম করা সম্ভব হয়েছে।' সেখানে বাম ও তৃণমূল সরকারকেও নিশানা করেন তিনি। বলেন, 'প্রথমে ৩৪ বছরে দলীয় অফিস থেকে সব হত। আর ১৫ বছরের কথা বলব না। কারণ এখানে বিরোধী দলনেতা আছেন, সকলে আছেন। নিজের বিধানসভার নিন্দা করা মুখ্যমন্ত্রীর শোভা পায় না।'

