তেহরান:বুধবার ইরান আমেরিকাকে "কখনও না ভোলার মতো শিক্ষা" দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের দক্ষিণ অঞ্চলের হরমোজগান প্রদেশে মার্কিন হামলায় এক শিশু-সহ চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়। হামলার সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল বলে জানা গিয়েছে ।
ইরানের রেড ক্রিসেন্ট এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ফলে ছিটকে আসা ধ্বংসাবশেষ সিরিক কাউন্টির কুহেস্তাক শহরের একটি আবাসিক বাড়িতে আঘাত করে। ওই বাড়িতে তখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। তারা আরও জানায়, ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং এক শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে।"
ইরান সরকারের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে বিয়ের অনুষ্ঠানের স্থান হিসেবে চিহ্নিত এলাকায় ব্যাপক ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির ছবি দেখা যায়। মানুষের চিৎকারও শোনা যায়।
ঘটনাটি ঘটেছে সিরিক কাউন্টিতে, যা হরমুজ প্রণালীর তীরে অবস্থিত।
ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি:
মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বলেন, "ইরানের প্রিয় নাগরিক এবং প্রতিরোধ ফ্রন্টের কাছে মার্কিন শত্রুর জন্য কখনও না ভোলার মতো শিক্ষা রয়েছে।" তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে।
সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরানের রেভলিউশনারি গার্ডসও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।
রেভলিউশনারি গার্ডসের মুখপাত্র হোসেইন মোহেবি এক্স-এ হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন "তাদের নতুন হামলার জন্য অনুতপ্ত হবে"। তিনি আরও বলেন, "আগ্রাসনকারীদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।"
আমেরিকান ঘাঁটিতে ইরানের হামলা:
এরপর ইরান বাহরিন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। রেভলিউশনারি গার্ডস জানায়, তারা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে মার্কিন ঘাঁটিগুলিতেও "মিসাইল ও ড্রোন হামলা" চালিয়েছে। গার্ডসের দাবি, এরবিলের হামলায় একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র, গুদাম এবং "মার্কিন নজরদারি অ্যারোস্ট্যাটের গাইডেন্স সিস্টেম" ধ্বংস হয়েছে।
জর্ডানে ইরানের রেভলিউশনারি গার্ডস জানায়, একটি মার্কিন মেরিন কর্পস ঘাঁটিকে লক্ষ্য করে "তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা" চালানো হয়েছে।
জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। মার্কিন প্রশিক্ষণ কেন্দ্রে কোনও হতাহতের ঘটনা বা সরাসরি ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। আরও তিনটি মিসাইল প্রত্যন্ত এলাকায় গিয়ে পড়েছে বলে জানিয়েছে তারা।
কুয়েতেও মিসাইল ও ড্রোনের গতিবিধির খবর পাওয়া গিয়েছে। এদিকে, বাহরিনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন শোনা যায়।
ওয়াশিংটন অবশ্য জানিয়েছে, তাদের সাম্প্রতিক হামলাগুলির লক্ষ্য ছিল ইরানের রেভলিউশনারি গার্ডসের ঘাঁটিগুলি। আমেরিকার দাবি, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন কর্মীদের উপর হামলার পরিপ্রেক্ষিতেই এই হামলা চালানো হয়েছে।

