Dailyhunt
KKR vs PBKS: কাকে বাদ দিলে ভাগ্য ফিরবে কেকেআরের? প্রথম জয় পাবে নাইটরা? জানিয়ে দিলেন মহাতারকা

KKR vs PBKS: কাকে বাদ দিলে ভাগ্য ফিরবে কেকেআরের? প্রথম জয় পাবে নাইটরা? জানিয়ে দিলেন মহাতারকা

২৫.২ কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিল কেকেআর। রেকর্ড টাকায় দলে নিলেও প্রথম দুই ম্যাচে আশানরুপ পারফরম্যান্স করতে পারেননি অজি তারকা অলরাউন্ডার। এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি গ্রিনকে। বিশেষ করে বল করতে না পারায় দলের ভারসাম্যে প্রভাব পড়ছে। তার ওপর প্রথম দুই ম্যাচে ব্যাট হাতেও বড় রান করতে না পারায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে।

প্রথম দুই ম্যাচে তিনি মাত্র ১৮ ও ২ রান করেছেন।

ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি মনে করেন, গ্রিন যদি বল করতে না পারেন, তাহলে কেকেআরকে দলগঠন নিয়ে নতুন করে ভাবতে হবে। তার মতে, "যদি ক্যামেরন গ্রিন বল করতে না পারেন, তাহলে কেকেআরকে হয়তো একজন অতিরিক্ত বিশেষজ্ঞ ব্যাটসম্যান দলে নেওয়ার কথা ভাবতে হবে। কারণ এতে দলের ভারসাম্যে বড় প্রভাব পড়ছে।"

তিনি আরও জানান, গ্রিন চার নম্বরে ব্যাট করতে সক্ষম হলেও দলের লোয়ার মিডল অর্ডারে সমস্যা রয়েছে। সানি বলেন, "আমরা জানি সে আইপিএলে সেঞ্চুরি করেছে এবং ভালো ব্যাট করতে পারে। কিন্তু সাম্প্রতিক সময়ে তার ফর্ম ভালো নয়। চার নম্বরে গ্রিন ঠিক আছে, তবে পাঁচ ও ছয় নম্বরে দল কিছুটা সমস্যায় পড়ছে," বলেন গাভাস্কার। নিচের মধ্যক্রমে ধারাবাহিকতা না থাকায় দল চাপের মুখে পড়ছে। তাই দ্রুত এই সমস্যার সমাধান না করলে সামনে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে কেকেআর।

অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গ্রিনের পিঠের সমস্যার কারণে তার কাজের চাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। যদিও অনুশীলনে তাকে বল করতে দেখা গেছে, তবে ম্যাচে এখনও বোলিং করেননি। এদিকে কেকেআর ইতিমধ্যেই টানা দুই ম্যাচে হেরে চাপে রয়েছে। তাই আগামী ম্যাচে ভালো পারফরম্যান্সের জন্য দলের সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া এখন খুবই জরুরি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali