কলকাতাঃ কলকাতা শহরে অটো এলপিজির দাম ক্রমাগত বাড়তে থাকায় চাপে পড়েছেন চালক ও সাধারণ যাত্রীরা। ফেব্রুয়ারি মাস থেকে মে মাসের শুরু পর্যন্ত মাত্র কয়েক সপ্তাহে প্রতি লিটার অটো এলপিজির দাম বেড়েছে ৩২ টাকা ৩৪ পয়সা, যা নজিরবিহীন বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সরকারি তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি ২০২৬-এ যেখানে প্রতি লিটার অটো এলপিজির দাম ছিল ৫৭.০৬ টাকা, তা ১ মার্চে বেড়ে দাঁড়ায় ৫৭.৬৮ টাকা।
এরপর ১১ মার্চে দাম এক লাফে ৬২.৬৮ টাকা হয় এবং ২০ মার্চে তা পৌঁছে যায় ৭০.৬৮ টাকায়। এপ্রিলের শুরুতেই আবার বড় বৃদ্ধি ঘটে-১ এপ্রিল দাম দাঁড়ায় ৮২.৯৬ টাকা প্রতি লিটার। সর্বশেষ ১ মে ২০২৬-এ এই দাম বেড়ে হয়েছে ৮৯.৪০ টাকা।
এই ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস উঠেছে অটোচালকদের। অনেকেই ভাড়া বাড়ানোর দাবি তুলছেন, আবার যাত্রীদেরও বাড়তি খরচের বোঝা বইতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহজনিত সমস্যার কারণেই এই মূল্যবৃদ্ধি।

