কলকাতা: শুক্রবার উত্তরকন্যায় প্রায় দু'ঘণ্টা ধরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ থেকে শুরু করে এলাকার প্রশাসনিক আমলা ও কর্তাব্যক্তিরা। উল্লেখযোগ্যভাবে এদিন বর্তমান বিজেপি সরকারের প্রশংসা করতে শোনা যায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে।
পাশাপাশি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
এদিন শিলিগুড়িতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ''আগের সরকার যা করেনি। উত্তরের বন্যা, ধস পরিস্থিতি নিয়ে আগাম বৈঠক করেননি। কিন্তু নতুন সরকার তা করছে। আজ উত্তরকন্যায় বৈঠক করছেন। এটা ভালো। ভালকে ভাল, সাদাকে সাদা বলতে হবে।''
মমতা-অভিষেককে কটাক্ষ
এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন সিপিএমের রাজ্য সম্পাদক। সেলিমের খোঁচা, ''আর অভিষেককে চোখ দেখানোর জন্যে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। মমতার চোখ দেখানো উচিত। কেন না এতদিন উনি অভিষেকের চোখ দিয়ে রাজ্যকে দেখেছিলেন।''
তাঁর কথায়, ''মুখ্যমন্ত্রী বলেছেন, তৃণমূল সরকারের শ্বেতপত্র প্রকাশ করবেন। ভাল তো। এটা আমরা বহুবার দাবি জানিয়ে আসছিলাম। আগের সরকার করেনি। এবারে হোক। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অস্ত্র উদ্ধার হোক। বেআইনি টাকা উদ্ধার হোক।''
উত্তরকন্যায় শুভেন্দু
শুক্রবার উত্তরবঙ্গ সফরে এসে ফের একবার পূর্বতন সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বললেন, উত্তরকন্য়ায় মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। এদিন সফরে এসে এ নিয়ে নিজের উষ্মা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে বুঝিয়ে দেন, নতুন সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সবরকম পদক্ষেপ করবে।
বৈঠকে তিনি বলেন, এখানে পাবলিক গ্রিভান্স সেল চালু করা হোক। যেখানে উত্তরের জেলাগুলির মানষ তাঁদের অভিযোগ জানাতে পারবেন। এদিন ওই প্রশাসনিক বৈঠক শেষে পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, উত্তরকন্যায় দ্রুত যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিকদের নিয়োগ করা হবে।

