কলকাতা: নবান্নে প্রায় ৪০ মিনিট ধরে বর্তমান কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠক শেষে শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্যের কৃষি দফতরের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অতীতে কৃষি দফতরে নেওয়া বিভিন্ন পরিকল্পনা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, কৃষিমন্ত্রী তাঁর কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও অভিজ্ঞতা জানতে চেয়েছেন।
শোভনদেবের কথায়, "দীর্ঘ বছর কৃষি দপ্তরে কাজ করার সুবাদে যে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেগুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। আমাকে উনি আবার আসতে বলেছেন। উনি গ্রামের মানুষ, তাই আমার কাছ থেকে অনেক ধারণা নিয়েছেন।" সূত্রের খবর, রাজ্যের কৃষি ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের নানা বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। যদিও বৈঠক নিয়ে সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাশাপাশি এদিনই লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান অশোক কুমার টোডি বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজ্যে সংস্থার নতুন বিনিয়োগ এবং ডানকুনির সম্প্রসারণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, আগামী ১১ জুলাই হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেই নবান্নে আসেন অশোক কুমার টোডি। বদলের বাংলায় বড় বিনিয়োগ নিয়ে আশাবাদী রাজ্যবাসী। কিছুদিন আগে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছিলেন, চলতি মাসেই রাজ্যে দুটি বড় শিল্প প্রকল্পের সম্প্রসারণের কাজ শুরু হবে। একটি হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের এবং অন্যটি বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের। শিল্পমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১১ জুলাই ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস এবং ১৮ জুলাই মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানা সম্প্রসারণের সূচনা হওয়ার কথা রয়েছে। দুই কর্মসূচিতেই মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা।

