Dailyhunt
NBSTC Smart Card: টিকিট কাটতে খুচরোর সমস্যা অতীত! স্মার্ট কার্ড চালু করছে NBSTC, কবে থেকে সুবিধা মিলতে পারে জানুন

NBSTC Smart Card: টিকিট কাটতে খুচরোর সমস্যা অতীত! স্মার্ট কার্ড চালু করছে NBSTC, কবে থেকে সুবিধা মিলতে পারে জানুন

লপাইগুড়িঃ বাসের টিকিট কাটতে গিয়ে খুচরো নিয়ে সমস্যায় পড়েন অনেকে। সেই সঙ্গেই আবার রয়েছে কাউন্টারের বাইরের লম্বা লাইনের ঝক্কি। তবে এবার এই দুই থেকেই মুক্তি মিলতে চলেছে। জোড়া সমস্যার সমাধানে স্মার্ট কার্ড চালু করতে চলেছে NBSTC।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ি ডিপো সূত্রে জানা যাচ্ছে, এই প্রথম নয়, এর আগেও স্মার্ট কার্ড চালু করা হয়েছিল।

তবে বছর তিনেক আগে তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এবার ফের চালু করা হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীদের সুবিধা হবে, তেমনই রোজ কাউন্টারে খুচরোর জোগান দেওয়া থেকে মুক্তি পাবে নিগম কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃআইএসসি-তে ৯৯.০৫% নম্বর! রায়গঞ্জের দ্বাদশ শ্রেণির ছাত্রীর নজরকাড়া সাফল্য, ভবিষ্যতের লক্ষ্য আরও বড়

NBSTC-র জলপাইগুড়ি ডিপো ইনচার্জ শ্যামল দাস জানান, স্মার্ট কার্ড চালু করা হচ্ছে। কিন্তু এখনও দিনক্ষণ ঠিক করা হয়নি। খুব শীঘ্রই চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এতে ভাড়ার সমস্যা অনেকটা মিটে যাবে।

জলপাইগুড়ি ডিপো কর্মীরা জানান, এখান থেকে শিলিগুড়ি রুটে সবচেয়ে বেশি পরিষেবা দেওয়া হয়। রোজ প্রায় ৩ হাজার যাত্রী যাতায়াত করেন। সেই সঙ্গেই জলপাইগুড়ি-হলদিবাড়ি রুট এবং ডুয়ার্সের বিভিন্ন রুটেও কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন।

এবার তাঁদের সকলের সুবিধার্থে স্মার্ট কার্ড চালু করতে চলেছে NBSTC। ইতিমধ্যেই সব ব্যবস্থা হয়ে গিয়েছে বলে নিগম সূত্রে খবর। আরও জানা যাচ্ছে, ভোটের ফলাফল ঘোষণার পর যে কোনও দিন স্মার্ট কার্ড চালু হয়ে যেতে পারে। এবার কবে থেকে শুরু হয় সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali