Dailyhunt
North Dinajpur News: রায়গঞ্জের মাটি থেকে ভিয়েতনাম! আন্তর্জাতিক নৃত্য উৎসবে শহরের খুদে নৃত্যশিল্পী, সমন্বীতার স্বপ্নের উড়ানে গর্বিত সকলে

North Dinajpur News: রায়গঞ্জের মাটি থেকে ভিয়েতনাম! আন্তর্জাতিক নৃত্য উৎসবে শহরের খুদে নৃত্যশিল্পী, সমন্বীতার স্বপ্নের উড়ানে গর্বিত সকলে

রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ ছোট্ট বয়সেই তুখোড় প্রতিভা। রায়গঞ্জ থেকে আন্তর্জাতিক নৃত্য উৎসবে ১০ বছরের খুদে নৃত্যশিল্পী সমন্বীতা সাহা। তাঁর এই সাফল্যে পরিবার-পরিজনদের পাশাপাশি শহর জুড়ে বইছে খুশির হাওয়া।

রায়গঞ্জের পশ্চিম বীরনগরের সমন্বীতা রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্রী। বর্তমানে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে সে।

এই বয়সেই বিশেষ স্কলারশিপে ভিয়েতনামে অনুষ্ঠিত হতে চলা একটি নৃত্য উৎসবে অংশগ্রহণ করতে চলেছে এই খুদে নৃত্যশিল্পী।

আরও পড়ুনঃ ভোটগণনার দিন কোনও ঝুঁকি নয়! এবার আগেভাগেই হাজিরা কাউন্টিং এজেন্টদের, জানুন বিস্তারিত

সমন্বীতার বাবা সঞ্জয়বাবু রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী। অন্যদিকে মা মুনমুনদেবী গৃহবধূ। মুনমুনদেবী জানান, পড়াশোনার থেকে নাচের প্রতি মেয়ের আগ্রহ বেশি। তিনি চান, মেয়ে ভবিষ্যতে একজন বড় মাপের শিল্পী হয়ে উঠুক। ছোট্ট সমন্বীতার চোখেও একই স্বপ্ন। ভবিষ্যতে একজন বড় নৃত্যশিল্পী হতে চায় সে।

জানা গিয়েছে, ছোটবেলা থেকেই ধ্রুপদী নৃত্যের প্রতি অগাধ টান সমন্বীতার। ২০২৫ সালে হিমাচল প্রদেশে অনুষ্ঠিত একটি জাতীয় স্তরের ভারতনাট্যম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল রায়গঞ্জের এই কৃতী কন্যা। সেখানে নিজের অসাধারণ পারফরম্যান্সের জন্য একটি বিশেষ স্কলারশিপ পায়। এবার সোজা বিদেশের মাটিতে পা রাখতে চলেছে সে।

ছাত্রীর সাফল্যে অত্যন্ত খুশি সমন্বীতার নৃত্য শিক্ষিকা অস্মিতা অধিকারী। তিনি জানান, উত্তর দিনাজপুরের হয়ে ভিয়েতনামের নৃত্য উৎসবে প্রতিনিধিত্ব করবে সমন্বীতা। আগামী ১০ মে তাঁরা ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে বলে জানান তিনি।

সব মিলিয়ে, রায়গঞ্জের মাটি থেকে ভিয়েতনাম অবধি সমন্বীতার এই স্বপ্নের উড়ানে তাঁর পরিবার ও পরিচিতরা অত্যন্ত খুশি। সেই সঙ্গেই শহরেও বইছে খুশির হাওয়া। এত ছোট বয়সে এই নৃত্যশিল্পীর সাফল্যে গর্বিত অনেকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali