উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বিধানসভা নির্বাচনের আবহে পানিহাটিতে ভোটপ্রচার ঘিরেই এবার চাঞ্চল্য ছড়াল। বিজেপি প্রার্থী অভয়ার মা এদিন প্রচারে বেরিয়ে হেনস্থার অভিযোগ তুললেন। তাঁর দাবি, তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধরের চেষ্টাও করা হয়। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
অভিযোগ, পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেই সময় স্থানীয় একদল মহিলা তাঁকে ঘিরে 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন। বিজেপি প্রার্থী অভয়ার মা অভিযোগ করে বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারার চেষ্টা করেছে, কর্মীরা আহত হয়েছেন। ভোটের সময় এ ধরনের ঘটনা কাম্য নয়। তৃণমূল ভয় পেয়েই এভাবে আক্রমণ চালাচ্ছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, বাংলার সব মেয়েদের নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যাবেন। এর শেষ দেখে ছড়ার কথাও জানান।
অন্য দিকে, তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে প্রচার করছিলেন এবং বিভিন্ন সরকারি প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বন্ধ হয়ে যেতে পারে বলে মানুষকে ভয় দেখাচ্ছিলেন। এর জেরেই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যদিও অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা পরিস্থিতি সামাল দিয়ে প্রার্থীকে নিয়ে এগিয়ে যান। হেনস্তার মুহূর্তের সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। নির্বাচনের মুখে এই ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ পরবর্তীতে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

