কলকাতা:এ বছরের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী। নাম ঘোষণার পরই চারবারের জেতা এমএলএ এবং এবারের প্রতিপক্ষ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হুংকার দিলেন টলিউডের বিবি পায়রা। টালিগঞ্জ মানেই টলিপাড়া। এই কেন্দ্রে টালিগঞ্জ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা গুরুত্ব তো রয়েছে।
সেখানে টেকনিশিয়ান এবং ফিল্মের সঙ্গে যুক্ত কর্মীদের নানা অভাব অভিযোগ রয়েছে। যা নিয়ে প্রায়শই তৈরি হয় বিতর্ক। এবার সেই কেন্দ্রে একসময়ের নামী নায়িকা পাপিয়া অধিকারী হয়েছেন বিজেপির প্রার্থী। প্রার্থী পদ পেয়েই পাপিয়া বললেন, ওরা বলে'খেলা হবে খেলা হবে'…. আমরা মনে করি রাজনীতিটা কোনও খেলা নয়। এটা সচেতন ভাবে করা উচিত। শিল্প নেই, কাজ নেই, টালিগঞ্জ কেন্দ্র কোথাও যেন বৃদ্ধাশমে পরিণত হয়েছে। এই ভাবেই প্রথমদিনই হুঙ্কার পাপিয়ার।
অর্থাৎ প্রথমদিন থেকেই ঝাঁঝ বাড়িয়ে রাখছেন অভিনেত্রী। তাঁর মতে নরেন্দ্রে মোদি ২৯৪ আসনেই রয়েছেন। মোদির ঘোষিত নানা যোজনা, প্রকল্পগুলোকে ঠিক করে চালাতে গেলে তাঁদের মতো যোদ্ধাদেরই প্রয়োজন। তাই টালিগঞ্জের মেয়ে পাপিয়া বাড়ি বাড়ি সর্বভারতীয় দল বিজেপির বার্তা নিয়ে পৌঁছবেন। গতবার খুব অল্প ভোটে উলুবেরিয়া দক্ষিণ থেকে হেরেছিলেন তবে এবার জয় নিশ্চিত করতে কোমর বেঁধে নামবেন স্টুডিও পাড়ার পরিচিত মুখ পাপিয়া অধিকারী।
পুরো নাম পাপিয়া দে অধিকারী। তবে পাপিয়া অধিকারী নামেই অভিনেত্রীকে চেনে বাংলা। এবারের ভোটের লড়াইয়ে বিজেপি হয়ে তিনি দাঁড়ালেন টালিগঞ্জ কেন্দ্র থেকে। এর আগেও তিনি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন।
রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দ্বিতীয় প্রার্থী তালিকায় ১১১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় প্রার্থী তালিকায় একাধিক বড় নাম রয়েছে। মাথাভাঙা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে। হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী আর এক প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে কৌস্তভ বাগচিকে। টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী আর এক অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় এ ছাড়াও বর্তমান বিধায়কদের অধিকাংশকেই তাঁদের পুরনো কেন্দ্রে সুযোগ দেওয়া হয়েছে।

