আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। আর এই ঘোষণার সবচেয়ে বড় চমক-জাতীয় দলে তারকা ফরোয়ার্ড নেইমারের রাজকীয় প্রত্যাবর্তন। ২০২৩ সালের পর থেকে চোট ও বিভিন্ন কারণে দেশের জার্সিতে তাকে দেখা না গেলেও, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত এই তারকা।
দলের কোচ কার্লো আনসেলত্তি স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিশ্চিত করে তার অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা করেছেন।
কোচ আনসেলত্তি দলের সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতার ওপর বিশেষ জোর দিয়েছেন। নেইমারের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, "তার ফিটনেসের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ পর্যন্ত সে নিজেকে আরও নিখুঁত করে তুলতে পারবে।" এই অভিজ্ঞ ফরোয়ার্ডের উপস্থিতি দলের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করবে এবং ড্রেসিংরুমের পরিবেশকে আরও ইতিবাচক করে তুলবে। আল হিলাল অধ্যায় চুকিয়ে বর্তমানে সান্তোস এফসিতে খেলা নেইমার বর্তমানে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ঘোষিত এই স্কোয়াডে যেমন বড় চমক রয়েছে, তেমনি বেশ কিছু তারকা বাদও পড়েছে। আক্রমণভাগে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, রায়ানের মতো তারকাদের ওপর ভরসা রাখায় দল থেকে বাদ পড়েছেন চেলসির ২৪ বছর বয়সী স্ট্রাইকার জোয়াও পেদ্রো। এছাড়া আন্তোনির মতো চেনা মুখও এবার জায়গা পাননি। তবে এনড্রিক ও রায়ানের মতো তরুণ প্রতিভারা প্রথমবার বিশ্বকাপে ডাক পেয়ে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।
আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ অভিযান। গ্রুপ 'সি'-তে সেলেকাওদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিগত ৩টি বিশ্বকাপে ৮টি গোল করা নেইমারের মূল লক্ষ্য এখন একটাই-২০০২ সালের পর ব্রাজিলকে আবারও বিশ্বচ্যাম্পিয়নের অধরা ট্রফি এনে দেওয়া। কোটি ভক্ত এখন বুক বাঁধছেন নতুন এক স্বপ্ন ছোঁয়ার আশায়।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: অ্যালিসন (লিভারপুল), এদেরসন (ফেনারবাখচে), ওয়েভারটন (গ্রেমিও)।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), ইবানেজ (আল-আহলি), ওয়েসলি (রোমা), মার্কিনহোস (প্যারিস সেন্ট-জার্মেই), গ্যাব্রিয়েল মাগাহায়েস (আর্সেনাল), ডগলাস সান্তোস (জেনিত সেন্ট পিটার্সবার্গ)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোটফোগো), ফাবিনহো (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)।
ফরোয়ার্ড: এনড্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনহা (বার্সেলোনা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), লুইজ হেনরিকে (জেনিত সেন্ট পিটার্সবার্গ), নেইমার (সান্তোস), রায়ান (বোর্নমাউথ)।

