২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবের পুরভোটে একপেশে জয় পেল আম আদমি পার্টি। পঞ্জাবের শহর এবং মফস্বল এলাকাগুলির অধিকাংশ পুরসভাই দখল করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
পঞ্জাবের রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পুরসভাগুলির মোট ১৯৭৭ ওয়ার্ডের মধ্যে ৯৫৪টিতেই জয় পেয়েছে আপ।
মোট আসনের ৪৮ শতাংশই দখল করেছে পঞ্জাবের শাসক দল। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস জয়ী হয়েছে ৩৯৩টি ওয়ার্ডে। শিরোমণি অকালি দল দখল করেছে ১৯২টি ওয়ার্ড।
পঞ্জাবের পুরভোটে বিপর্যস্ত হয়েছে বিজেপি। মাত্র ১৭২টি আসনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। পদ্ম শিবিরের ১১০০ প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছে।
তবে উল্লেখযোগ্য ভাবে প্রায় ২৫১ জন নির্দল প্রার্থী পুরভোটে জয়ী হয়েছেন। মাত্র ৭টি আসনে জয় পেয়েছে মায়াবতীর দল বিএসপি।
দু বছরের মধ্যেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পুরভোটের ফলে প্রমাণিত হল পঞ্জাবের শহর এবং মফস্বল এলাকাগুলিতে এখনও শাসক দল আম আদমি পার্টির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। অন্যদিকে পঞ্জাবে পায়ের তলার মাটি শক্ত করতে চাইলেও পুরভোটে জোর ধাক্কা খেল বিজেপি। নির্দল প্রার্থীদের জেতা সম্মিলিত আসন এবং শিরোমণি অকালি দলের থেকেও কম আসন পেয়ে ৫ নম্বরে শেষ করল তারা।
মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দাবি, রাজ্যের মানুষ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিই সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর দাবি, মানুষ ঘৃনার রাজনীতিকে খারিজ করেছেন। আপ-কে বিপুল সমর্থনের জন্য পঞ্জাবের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন দলের প্রধান অরবিন্দ কেজরীওয়াল।
বিজেপি-কে নিশানা করে অরবিন্দ কেজরীওয়াল বলেন, 'ইডি পার্টি মুছে গিয়েছে। রাজ্যের ছোট ছোট ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে তাঁদের হয়রান করেছিল ইডি পার্টি। পঞ্জাবের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে।'
তবে পঞ্জাবের বিরোধী দলগুলির অভিযোগ, নির্বাচনে ক্ষমতা এবং প্রশাসনের অপব্যবহার করেছে শাসক দল আম আদমি পার্টি।

