কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত হোক। প্রতিবাদ হোক। কিন্তু 'চিরসখা' কী দোষ করল? প্রশ্ন অভিনেতা রাজা গোস্বামীর। বুধবার একটি ফেসবুক ভিডিওতে ক্ষোভ উগরে দেন অভিনেতা রাজা তাঁর স্ত্রী মধুবনী। মঙ্গলবার, ৭ এপ্রিল দফায় দফায় বৈঠকের পরে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে 'ম্যাজিক মোমেন্টস'-এর সঙ্গে আপাতত কাজ করবেন না কোনও শিল্পী এবং টেকনিশিয়ান।
প্রসঙ্গত লীনা গঙ্গোপাধ্যায়ের 'ম্যাজিক মোমেন্টস্'-এর প্রযোজনায় বর্তমানে দু'টি ধারাবাহিক সম্প্রচারিত হত-'ভোলেবাবা পার করেগা' ও 'চিরসখা'। তালসারিতে 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়েই মৃত্যু হয় রাহুলের। এই ঘটনার জেরেই বন্ধ হয়ে যাচ্ছে দুই ধারাবাহিকই। মঙ্গলবার শেষ বারের মতো সম্প্রচারিত হয়েছে 'ভোলেবাবা পার করেগা'। অন্য দিকে 'আর্টিস্ট ফোরাম'-এর সিদ্ধান্তের পর রবিবার শেষ পর্ব সম্প্রচারিত হবে 'চিরসখা' ধারাবাহিকের।
এর পর কী হবে চিরসখা ধারাবাহিকের টেকনিশিয়ানদের? তাঁরা কোথায় কবে কাজ পাবেন? জানতে চান রাজা। তাঁর পাশে বসে সম্মতি জানান অর্ধাঙ্গিনী মধুবনী। তবে তাঁরা ভিডিওর প্রথমেই জানিয়ে দেন যে চিরসখা ধারাবাহিক বন্ধ হয়ে গেলে তাঁদের কোনও সমস্যা হবে না। কারণ অভিনয় থেকে তাঁদের মোট উপার্জনের ১৫ থেকে ২০ শতাংশ আসে। দেড় দশক ধরে কাজের পর তিনি প্রতিষ্ঠিত। প্রত্যেক প্রযোজন সংস্থার সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। কিন্তু রাজার উদ্বেগ টেকনিশিয়ানদের নিয়ে। তাঁর কথায়, বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া অত সোজা নয়। তাঁর মতে, যাঁরা স্বেচ্ছায় কাজ করতে চাইছেন না, তাঁদের কথা আলাদা। কিন্তু তাই বলে বাকিদের কাজ করার সুযোগ ও অধিকারই বা কেন কেড়ে নেওয়া হবে। জানতে চান রাজা। অভিনেতা মনে করেন এটা ঠিক হল না।
রাজার আক্ষেপ, চিরসখা ধারাবাহিকের ইউনিটের এক বর্ষীয়ান টেকনিশিয়ান এর ফলে অকূল পাথারে পড়েছেন। ওই সিনিয়র টেকনিশিয়ান কাঁদতে কাঁদতে বলেছেন স্ত্রী, দুই মেয়েকে নিয়ে তাঁদের চার জনের এ বার আত্মঘাতী হওয়া ছাড়া উপায় নেই। দাবি রাজার। তাঁর কথা ভেবে খারাপ লাগছে রাজার। তাঁর প্রশ্ন, খেটে খাওয়া টেকনিশিয়ানদের কী হবে? শিল্পীরাও সুবিধেজনক অবস্থায় থাকবেন না বলে মনে করেন রাজা। কথা বলতে বলতে তিনি মনে করিয়ে দেন একদিন ৫০০ টাকারও দৈনিক পারিশ্রমিক পেয়ে জুনিয়র শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন। ইঞ্জিনিয়ার হয়েও চাকরি না করে অভিনয়ের নেশায় এই ইন্ডাস্ট্রিতে আছেন। আজ, তাঁর উপার্জন শুধুমাত্র অভিনয়নির্ভর নয় বলে এই ভিডিও করতে পারছেন। নইলে হয়তো পারতেন না।
প্রসঙ্গত ধারাবাহিক ভালবাসা ডট কম-এ অভিনয় করার সময় আলাপ হয়েছিল রাজা ও মধুবনীর। তাঁদের অভিনীত ওম ও তোড়ার জুটি খুবই জনপ্রিয় হয়েছিল। তার পর একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তাঁরা। ছেলে কেশবের জন্মের পর অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন মধুবনী। ছেলেকে বড় করার পাশাপাশি নিজের বিউটি পার্লারও সামলাচ্ছেন মধুবনী। তবে রাজা নিয়মিত অভিনয় করেন। 'চিরসখা' ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্রের নাম বাবিল। আচমকা ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তিনি। তাই ভিডিওর বিরূপ প্রতিক্রিয়া হবে জেনেও প্রতিবাদ না জানিয়ে পারলেন না। ভিডিওর শেষে ঠিক-ভুলের বিচারের দায় দিয়েছেন দর্শকদেরই। যাঁরা ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরাও তাঁর কাছে শ্রদ্ধেয়, জানান রাজা। কিন্তু তাঁরাও আর একবার ভেবে দেখুক-আর্জি অভিনেতার।
তবে এই ভিডিওর পর সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড হয়েছেন রাজা-মধুবনী। এই মুহূর্তে এরকম ভিডিও মেনে নিতে পারেননি নেটিজেনরা। অনেকেই বলেছেন, একদিন না একদিন তো 'চিরসখা' বন্ধ হতই। তখন কী করতেন? তাঁদের রাজার জবাব, ''ধারাবাহিক বন্ধ হওয়া এক জিনিস। আর বন্ধ করে দেওয়া আর এক জিনিস।'' অভিনয় তাঁর ভালবাসা। আর সেই ভালবাসাকে কেড়ে নেওয়ার অধিকার কারওর নেই, দৃঢ় কণ্ঠে সরব রাজা।

