Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Raja Raghuvanshi murder case: রাজা সোনমের বিয়েতে ক্যাটারিং করেছিলেন, এতদিন বাদে পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী! হত্যাকাণ্ডের পর এবার কী অভিযোগ?

Raja Raghuvanshi murder case: রাজা সোনমের বিয়েতে ক্যাটারিং করেছিলেন, এতদিন বাদে পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী! হত্যাকাণ্ডের পর এবার কী অভিযোগ?

ধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা ব্যবসায়ী রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। মেঘালয়ে হনিমুনে নিয়ে গিয়ে প্রেমিকের সঙ্গে মিলে রাজাকে খুন করেছিলেন তাঁর স্ত্রী সোনম রঘুবংশী। সাড়া ফেলে দেওয়া সেই হত্যাকাণ্ডের পর এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে।

এতদিন বাদে এবার রাজা এবং সোনমের বিয়ের ক্যাটারিং খরচ বাবদ বকেয়া ২ লক্ষ ৮২ হাজার টাকা আদায় করতে পুলিশের দ্বারস্থ হলেন ইনদওরের এক ব্যবসায়ী।

ওই ব্যবসায়ীর অভিযোগ, রাজা এবং সোনমের বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু ক্যাটারিং খরচ বাবদ এখনও ২ লক্ষ ৮২ হাজার ৫৫০ টাকা পাওনা রয়েছে তাঁর। কিন্তু বার বার রাজা এবং সোনমের পরিবারের কাছে তদ্বির করলেও দু পক্ষের কেউই তাঁর পাওনা টাকা মেটায়নি বলে অভিযোগ হিতেশ রোহিরা নামে ওই ব্যবসায়ীর।

শেষ পর্যন্ত পাওনা আদায় করতে পুলিশের দ্বারস্থ হন হিতেশ। যদিও এই বিবাদ যেহেতু একটি চুক্তিকে কেন্দ্র করে ফলে এখানে তাদের কিছু করণীয় নেই বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে দেওয়ানি আইন অনুযায়ী পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীকে।

সংবাদসংস্থা পিটিআই-এর কাছে হিতেশের দাবি, রাজা এবং সোনমের বিয়েতে ক্যাটারিংয়ের খরচ বাবদ ১১ লক্ষ ৪২ হাজার ৫৫০ টাকার চুক্তি হয়েছিল তাঁর সঙ্গে। এর মধ্যে ৮ লক্ষ ৬০ হাজার টাকা মিটিয়ে দিয়েছে দুই পরিবার। কিন্তু বাকি ২ লক্ষ ৮২ হাজার ৫৫০ টাকা এখনও পাননি তিনি।

ওই ব্যবসায়ীর দাবি, পাওনা টাকা চেয়ে একাধিক বার রাজার দাদা বিপিন রঘুবংশী এবং সোনমের দাদা গোবিন্দ রঘুবংশীর সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। কিন্তু দু পক্ষই টাকা মেটানোর দায় পরস্পরের উপরে চাপাচ্ছে বলে অভিযোগ। টাকা আদায় করতে গত এপ্রিল মাসে দুই পরিবারকে আইনি চিঠিও পাঠান হিতেশ, কিন্তু তাতেও কাজের কাজ হয়নি।

রাজার দাদা বিপিন দাবি করেছেন, তাঁদের পরিবারের কাছে ওই ক্যাটারার ব্যবসায়ী কোনও টাকা পান না। নিজেদের পক্ষের যাবতীয় পাওনা তাঁরা মিটিয়ে দিয়েছেন। ওই ক্যাটারারকে সোনমের দাদা গোবিন্দই নিয়ে এসেছিলেন বলে দাবি বিপিনের। আবার সোনমের দাদা গোবিন্দের দাবি, ক্যাটারারের অধিকাংশ পাওনাই মিটিয়ে দেওয়া হয়েছে। গোবিন্দের পাল্টা দাবি, বিয়ের প্রায় ১৫ মাস কেটে যাওয়ার পরে কেন এখন পাওনা টাকা নিয়ে এত শোরগোল করছেন ওই ব্যবসায়ী? গোবিন্দের অভিযোগ, প্রচারে আসতেই এতদিন বাদে টাকা বাকি থাকার দাবি করছেন ওই ব্যবসায়ী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali