আইপিএল ২০২৬-এর ৪২তম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। একদিকে আরসিবির কাছে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখলের সুযোগ, অন্যদিকে গুজরাতের কাছে পয়েন্ট টেবিলে উপরে ওঠার হাতছানি।
ফলে শুভমান গিল ও রজত পাতিদারের দলের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
আমেদাবাদের পিচ সাধারণত ব্যাটারদের জন্য স্বর্গ হিসেবে পরিচিত। বলের গতি ও বাউন্স ব্যাটারদের শট খেলতে সাহায্য করে এবং দ্রুত আউটফিল্ডের কারণে রান তোলা সহজ হয়। তবে শুরুতে নতুন বলে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারেন এবং ইনিংসের মাঝপথে স্পিনাররা কার্যকর ভূমিকা পালন করতে পারেন। এই মাঠে গড় স্কোর ১৯৫ রানের কাছাকাছি, তাই এদিন হাই স্কোরিং ডুয়েল দেখা যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আমেদাবাদে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা ৩২° সেলসিয়াসের আশেপাশে থাকার কথা। ফলে কোনো রকম বিঘ্ন ছাড়াই দর্শকরা পুরো ৪০ ওভারের উত্তেজনা উপভোগ করতে পারবেন। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, দুই দলের লড়াই বেশ সমানে-সমান। এখন পর্যন্ত ৭টি সাক্ষাতে আরসিবি ৪টি এবং গুজরাট ৩টি ম্যাচে জয়লাভ করেছে।
এদিনের ম্যাচে জয়ী হয়ে গুজরাত যেমন হেড-টু-হেড রেকর্ডে সমতা আনতে চাইবে, তেমনই আরসিবি চাইবে তাদের আধিপত্য বজায় রাখতে। দুই দলের মধ্যেই বিধ্বংসী ব্যাটার ও কার্যকর বোলারদের সমন্বয় রয়েছে। হাই-স্কোরিং ভেন্যুতে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সব মিলিয়ে ঘরের মাঠে গুজরাত বনাম শক্তিশালী বেঙ্গালুরুর লড়াই একটি রুদ্ধশ্বাস ম্যাচে পরিণত হতে চলেছে।
আরসিবির সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, জেকব বেথেল, দেবদত্ত পাডিক্কাল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউড, রসিখ সালাম দার, সুয়শ শর্মা।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ: সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, মানব সুথার, প্রসিদ্ধ কৃষ্ণ।

