Dailyhunt
রেল কন্টেইনারে চা পরিবহণ বৃদ্ধির লক্ষ্যে স্টেকহোল্ডার সভা আয়োজন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের

রেল কন্টেইনারে চা পরিবহণ বৃদ্ধির লক্ষ্যে স্টেকহোল্ডার সভা আয়োজন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের

বীর ঘোষাল, কলকাতা: রেল দ্বারা কন্টেইনারের মাধ্যমে চা পরিবহণের ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনাল হেডকোয়ার্টার, মালিগাঁওয়ে চা উদ্যোগের প্রধান স্টেকহোল্ডারদের-যার মধ্যে লজিস্টিক অপারেটর, চা সমিতি, রফতানিকারক এবং উৎপাদকগণ রয়েছেন-সঙ্গে একটি সভার আয়োজন করে।

অসম প্রতি বছর প্রায় ১৬০ মিলিয়ন কেজি রফতানিমুখী চা উৎপাদন করে। দক্ষ লজিস্টিক সহায়তার ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে, এই পদক্ষেপের লক্ষ্য হল রেল-ভিত্তিক কন্টেইনারাইজড পরিষেবার মাধ্যমে চায়ের কনসাইনমেন্ট পরিবহণের পরিমাণ বৃদ্ধিকে উৎসাহিত করা। এই পরিষেবাগুলির অনেক সুবিধা রয়েছে- যেমন সাশ্রয়ী ব্যয়, নির্ভরযোগ্যতা, দ্রুত পরিবহন, পণ্য ওঠানো-নামানোর সময় ক্ষতি হ্রাস এবং পরিবেশ-বান্ধব পরিবহণ। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর-পূর্বাঞ্চল এবং সংলগ্ন এলাকায় চা উদ্যোগের চাহিদা পূরণের লক্ষ্যে পণ্য পরিবহণের পরিকাঠামো শক্তিশালীকরণ এবং গ্রাহক-কেন্দ্রিক লজিস্টিক সমাধান গড়ে তোলার কাজে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বৈঠকে, রেলওয়ের বরিষ্ঠ আধিকারিক, চা উদ্যোগের প্রতিনিধি, লজিস্টিক অপারেটর এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষসমূহ চা পরিবহণের লক্ষ্যে রেল সংযোগ, পরিচালনগত সমন্বয় এবং কন্টেইনার হ্যান্ডলিং সুবিধা উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনার গুরুত্ব এই কৌশলগুলির ওপরও ছিল, যার মাধ্যমে দক্ষ, বাধাহীন ও গ্রাহক-বান্ধব পরিবহণ পরিষেবা প্রদানের মাধ্যমে আরও বেশি করে চা পরিবহণকে রেলওয়ের দিকে আকৃষ্ট করা যেতে পারে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অর্থবর্ষ ২০২৫-২৬-এ পণ্য পরিবহনে এক প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে; রেলওয়ে মোট ১১.৪ মিলিয়ন টন পণ্য লোডিং করেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৬% বৃদ্ধি নথিভুক্ত করেছে।

পণ্য পরিবহণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হয়েছে; মাল আনলোডিং-এর পরিমাণ ৬৮৮টি রেক বৃদ্ধি হয়েছে-অর্থবর্ষ ২০২৪-২৫-এর ১২,৩৪৬টি রেক থেকে বৃদ্ধি হয়ে অর্থবর্ষ ২০২৫-২৬-এ ১৩,০৩৪টি হয়েছে। এই অঞ্চলে পণ্য পরিবহণ ও লজিস্টিক পরিকাঠামোকে আরও সুদৃঢ় করার জন্য, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আধুনিক পণ্য টার্মিনাল এবং মাল্টিমোডাল কার্গো হ্যান্ডিলং সুবিধাসমূহের বিকাশ ও সেগুলিকে চালু করছে। মিজোরামের সাইরাং এবং নাগাল্যান্ডের মোলভমে অবস্থিত নতুন টার্মিনালগুলির পাশাপাশি অন্যান্য টার্মিনালগুলি থেকে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পণ্য পরিবহণের সুযোগ এবং সংযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, সমগ্র জোনে 'গতি শক্তি কার্গো টার্মিনাল'-এর বিকাশ, দক্ষ পণ্য একত্রীকরণ, কন্টেইনার হ্যান্ডলিং এবং 'ফার্স্ট-মাইল-লাস্ট-মাইল' সংযোগের সক্ষমতা বৃদ্ধি করছে; যার ফলে চা উৎপাদনকারী ও রফতানিকারক-সহ বিভিন্ন শিল্পের জন্য রেল পরিবহণ ব্যবস্থাকে অধিকতর হারে গ্রহণ করার ব্যাপকতর সুযোগ সৃষ্টি হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali