কলকাতা:'এই সরকার কোনও বিশেষ সম্প্রদায়ের জন্য নয়,' 'এই সরকারকে কোন দল নিয়ন্ত্রণ করবে না'। শনিবার বিধান নগর হাসপাতালের cervical cancer এর টিকাকরণের কর্মসূচি চলাকালীন বর্তমান সরকার এবং তাঁর কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে একগুচ্ছ কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিনের মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ''এই সরকার কোনও বিশেষ সম্প্রদায়ের জন্য নয়।
পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এই সরকার।''
তিনি স্পষ্ট জানান, '' সব চিকিৎসক স্বাস্থ্যকর্মীর কাছে আমাদের স্পষ্ট বার্তা। এই সরকারকে কোনও দল নিয়ন্ত্রণ করবে না। কোন বিশেষ দলের কার্যালয় থেকে কোন চিকিৎসকের বদলির অর্ডার আসবে না সরকার সরকারের মতো চলবে।''
হেল্পলাইন নম্বরে ফোন
সরকারকে পরামর্শ দেওয়ার জন্য, স্বাস্থ্য ব্যবস্থার কোনও বিচ্যুতির জন্য সকলকে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করে জানানোর পরামর্শও দেন তিনি।
শমীকের বক্তব্য, ''একটা সময় ছিল যখন পোলিওর প্রতিষেধক দিতে গিয়ে মানুষ বাধা দিত। একটা সময় ছিল,যখন লাইগেশন কর্মসূচি করতে গিয়ে অনিতা দেওয়ান এর ঘটনা ঘটল।''
এছাড়াও এদিন রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়েও রাজ্য সরকারকে পদক্ষেপ করার আর্জি জানান তিনি। বলেন, ''জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা হোক। এবার পরিকল্পনা বাধ্যতামুলক করা যায় কিনা, সেটা দেখা হোক। এগুলো সবটাই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। আমি আবেদন করব তাঁর কাছে মুখ্যমন্ত্রী হিসাবে কেন জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন।''
HPV টিকাকরণ শুরু
আজ, শনিবার থেকে ২৩৫ টি কেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে। তিন মাস ধরে সাড়ে সাত লাখ মেয়েদেরকে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই টিকা কর্মসূচির প্রচার তিন মাস ধরে চলবে সমস্ত সরকারি টিকা প্রদান কেন্দ্রে এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। যাদের টিকা দেওয়া হবে তাদের প্রত্যেককে U - WIN (ইউ উইন) অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে এবং তাদের অভিভাবকের ওটিপির মাধ্যমে অনুমতি নিতে হবে।
১৪ বছরের কিশোরীদের জন্য হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) টিকার মাত্র ২ ডোজ (ইনজেকশন) নেওয়ার সুপারিশ দেওয়া হয়। প্রথম ডোজ নেওয়ার পর, দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের অন্তত ৬ মাস পর দেওয়া উচিত।

