Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
SBI PO Recruitment 2026: স্টেট ব্যাঙ্কে চাকরির বড় খবর, ১,৫০০ প্রবেশনারি অফিসার নিয়োগ! আবেদনপত্র জমার শেষ দিন ৮ জুলাই

SBI PO Recruitment 2026: স্টেট ব্যাঙ্কে চাকরির বড় খবর, ১,৫০০ প্রবেশনারি অফিসার নিয়োগ! আবেদনপত্র জমার শেষ দিন ৮ জুলাই

লকাতা: দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) চলতি বছরে ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে ১,৫০০ জন প্রবেশনারি অফিসার (PO) নিয়োগের পরিকল্পনা করেছে। এর মধ্যে ১,৪৪৬টি নিয়মিত শূন্যপদ এবং ৫৪টি ব্যাকলগ শূন্যপদ রয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুলাই। সংবাদ সংস্থা পিটিআই (PTI)-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে ব্যাঙ্ক।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, ২০২৬ সালের ১ এপ্রিল অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স ২১ বছর হতে হবে।

প্রবেশনারি অফিসার নিয়োগের পাশাপাশি, এসবিআই বিভিন্ন ক্ষেত্র থেকে ল্যাটারাল রিক্রুটমেন্ট-এর মাধ্যমেও পেশাদার কর্মী নিয়োগ করে। এর মধ্যে রয়েছেন আইটি পেশাদার এবং বিভিন্ন ক্ষেত্রে ডোমেন বিশেষজ্ঞরা। তাঁদের স্পেশ্যালিস্ট অফিসার হিসেবে ডেটা সেন্টার, তথ্যপ্রযুক্তি, ঝুঁকি ব্যবস্থাপনা, আইন, ট্রেজারি, কমপ্লায়েন্স এবং ডেটা অ্যানালিটিক্স-সহ গুরুত্বপূর্ণ বিভাগে নিয়োগ করা হয়। ব্যাঙ্কিং পরিষেবার পরিবর্তিত ও বহুমাত্রিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নিয়োগ করা হয়।

ব্যাঙ্কের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় ক্রীড়াকে উৎসাহিত করা এবং শৃঙ্খলাবদ্ধ ও উচ্চ-দক্ষতাসম্পন্ন কর্মীবাহিনী গড়ে তুলতে ৬৭ জন ক্রীড়াবিদকে নিয়োগ করেছে এসবিআই। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে এসবিআই মোট ৪,৬৪০ জন অফিসার, ১৯,৩৪০ জন অ্যাসোসিয়েট এবং ১,৬৫৩ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছে।

বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসবিআই ধারাবাহিকভাবে বার্ষিক কর্মী-পদত্যাগের হার (Attrition Rate) ১ শতাংশের নিচে ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই হার ছিল প্রায় ০.৯৭ শতাংশ, যা শিল্পক্ষেত্রের মধ্যে অন্যতম সর্বনিম্ন। ব্যাঙ্কের মতে, এটি কর্মীদের প্রতিশ্রুতি, প্রতিষ্ঠানের স্থিতিশীলতা এবং কর্মীবান্ধব নীতির কার্যকারিতার প্রতিফলন।

২০২৫-২৬ অর্থবর্ষে নিয়োগ প্রক্রিয়ায় এসবিআইয়ের মোট ব্যয় হয়েছে ৭৫.৮৭ কোটি টাকা। এই সময়ে অবসরপ্রাপ্ত আধিকারিকদের-সহ মোট ২৫,৬৩৩ জনকে নিয়োগ করা হয়েছে। প্রতি শূন্যপদে গড় নিয়োগ ব্যয় দাঁড়িয়েছে ২৯,৫৯৭ টাকা, যা ২০২৪-২৫ অর্থবর্ষের ৪০,৪৪১ টাকা থেকে উল্লেখযোগ্যভাবে কম। প্রতিবেদন অনুযায়ী, এসবিআইয়ের দেশের অভ্যন্তরীণ কর্মীবাহিনীর ২৮.৫৪ শতাংশই নারী। এর মধ্যে ব্যবস্থাপক স্তরে নারীদের প্রতিনিধিত্ব ২৪ শতাংশ এবং শীর্ষ নেতৃত্বের পদে ৮.৫৫ শতাংশ।

বর্তমানে ২.৪৫ লক্ষেরও বেশি কর্মী নিয়ে এসবিআই দেশের ব্যাঙ্কিং খাতের অন্যতম বৃহৎ নিয়োগকারী সংস্থা। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশ, প্রযুক্তিগত অগ্রগতি এবং গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি অব্যাহত রাখার দিকেও জোর দিচ্ছে ব্যাঙ্ক।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali