দু বছর আগে বাংলাদেশ ছেড়ে চলে আসার পর আজই প্রথমবার প্রকাশ্যে আসার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনার। তার আগে ফের একবার শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের দাবিতে সরব হল ঢাকা।
প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দু বছর আগে আজকের দিনেই ছাত্র আন্দোলনের জেরে দেশে ছেড়ে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা।
তার পর থেকে অজ্ঞাতবাসেই রয়েছেন তিনি। কয়েকবার দেশবাসী এবং দলীয় কর্মীদের উদ্দেশে অডিও বা লিখিত বার্তা দিলেও কখনও প্রকাশ্যে আসেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অবেশেষে আজ বুধবার প্রকাশ্যে আসার কথা শেষ হাসিনার। তবে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।
২০২৫ সালেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল বাংলাদেশের আদালত। বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি যেভাবে মানবতা বিরোধী পদক্ষেপ করেছেন, তারই শাস্তি হিসেবে এই নির্দেশ দেওয়া হয়। যদিও আদালতের এই রায়কে মানতে নারাজ হাসিনা। মনে করা হচ্ছে, জনসমক্ষে আসার পর বাংলাদেশে ফেরার প্রস্তুতিও শুরু করবেন হাসিনা। ২০২৪ সালে দেশ ছেড়ে চলে আসার পর থেকে ভারতেই অজ্ঞাতবাসে ছিলেন হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে ফিরলেই হাসিনাকে গ্রেফতার করার জন্য তাঁরা তৈরি। মঙ্গলবার জাহেদ উর রহমান জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে ঢাকা আইনি প্রক্রিয়া শুরু করতে চায় এবং সেকথা কূটনৈতিক মাধ্যমে নয়াদিল্লিকে বার বার জানানোও হয়েছে। বাংলাদেশ সরকারের ওই শীর্ষকর্তা বলেন, 'শেখ হাসিনা যখন দেশে ফিরতে চান তখন চলে আসুন, আমরাও তৈরি। আমরা তাঁকে আইনের মুখোমুখি দাঁড় করাতে চাই। তিনি যাতে ন্যায়বিচার পান আমরা তা নিশ্চিত করব। তবে প্রথমে তাঁকে গ্রেফতার করা হবে। তার পর তিনি তাঁর যাবতীয় আইনি অধিকার পাবেন। এর পর আদালত তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখুক অথবা তাঁকে মুক্তি দিক বা অন্য কোনও শাস্তি দিক, আমাদের তা মেনে নিতে কোনও সমস্যা নেই।'
একই সঙ্গে অবশ্য দিল্লিতে হাসিনার এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের সম্প্রচার না করার জন্য স্থানীয় সংবাদমাধ্যমকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। হাসিনার কোনও মন্তব্য সম্প্রচার অথবা প্রকাশ করা যাবে না বলে বাংলাদেশের একটি ট্রাইবুনালের নির্দেশ রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ সরকার। যদিও হাসিনার সহযোগী আবু ওবাইধা আরিন দাবি করেছেন, প্রতিবাদী কণ্ঠস্বরকে চাপা দেওয়ার ঢাকার এই অপচেষ্টা সফল হবে না।

