আরসিবির বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পাশাপাশি বড় নজির নিজের নামে করলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। গুজরাত টাইটানসের প্রথম প্লেয়ার হিসেবে আইপিএলে ১০০টি ছক্কা মারার ঐতিহাসিক রেকর্ড গড়লেন তিনি। ২৬ বছর বয়সী এই পঞ্জাব তনয় বর্তমানে ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলেরও অধিনায়ক।
ম্যাচে জয়ের জন্য ১৫৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন গিল। গুজরাতের হয়ে ১০০ ছক্কার মাইলফলক ছুঁতে তাঁর মাত্র তিনটি ছয়ের প্রয়োজন ছিল। ইনিংসের প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমারকে একটি ছক্কা মেরে তিনি নিজের লক্ষ্য স্পষ্ট করে দেন। এরপর দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউডকে আরও দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নেন।
১৮ বলে ৪৩ রানের এক ঝোড়ো ইনিংস খেলে গিল যখন আউট হন, ততক্ষণে তিনি নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন। গুজরাতের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় তাঁর পরেই রয়েছেন সাই সুদর্শন, যাঁর ঝুলিতে রয়েছে ৬৯টি ছক্কা। দলের প্রধান রান সংগ্রাহক হিসেবে গিল আবারও প্রমাণ করলেন কেন তাঁকে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার মনে করা হয়।
আইপিএলের ইতিহাসে একটি নির্দিষ্ট দলের হয়ে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডটি অবশ্য এখনও বিরাট কোহলির দখলে। কোহলি আরসিবির হয়ে ৩০৬টি ছক্কা মেরে এই তালিকার শীর্ষে রয়েছেন। তাঁর ঠিক পরেই রয়েছেন রোহিত শর্মা, যিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২৫৯টি ছক্কা হাঁকিয়েছেন। শুভমান গিল এখন তাঁদের মতো কিংবদন্তিদের পথেই হাঁটছেন।
উল্লেখ্য, গুজরাতে যোগ দেওয়ার আগে গিল দীর্ঘ সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। সেখানে ৫৮ ম্যাচে তিনি ৩৬টি ছক্কা মেরেছিলেন। সব মিলিয়ে আইপিএল কেরিয়ারে তাঁর ছক্কার সংখ্যা এখন ১৩৬। গিলের এই ধারাবাহিক পারফরম্যান্স এবং একের পর এক রেকর্ড গুজরাত টাইটানস সমর্থকদের জন্য এক বড় প্রাপ্তি।

