Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, একাধিক কর্মসূচি নিয়ে আজ রাজ্যে অমিত শাহ

শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, একাধিক কর্মসূচি নিয়ে আজ রাজ্যে অমিত শাহ

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাজ্ঞাপন করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি লেখেন, 'আজ দেশের অখণ্ড ভারতের প্রণেতা, মহান শিক্ষাগুরু ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হচ্ছে দেশ জুড়ে। আত্মনির্ভর ভারতকে নতুন করে জাতি গঠনের জন্য উদ্বুদ্ধ করবে শ্যামাপ্রসাদের অমূল্য অবদান।'

প্রসঙ্গত, গত মাসেই রাজ্যে এসে 'পশ্চিমবঙ্গ দিবস' উদ্‌যাপনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতায় বার বার উঠে এসেছিল শ্যামাপ্রসাদের প্রসঙ্গ। এবার তাঁর বার্তাতেও শ্যামাপ্রসাদের অবদানের কথা উঠে এল পরতে পরতে।মোদি তাঁর বার্তায় লেখেন, "আজ, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে, আমি ভারতের অন্যতম শ্রেষ্ঠ জাতি-নির্মাতা এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাই, যাঁর জীবন পাণ্ডিত্য, সাহস এবং জাতীয় সেবার প্রতি অবিচল অঙ্গীকারের এক অন্য নাম। ভারতের ঐক্য, মর্যাদা এবং অগ্রগতির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি।"

"ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল বহুবিধ ক্ষেত্রে বিস্তৃত। তিনি ছিলেন একজন অসামান্য চিন্তাবিদ ও শিক্ষাবিদ, যিনি এক ভবিষ্যৎমুখী শিক্ষাকে সমর্থন করতেন। শিল্পমন্ত্রী হিসেবে ঐতিহ্যবাহী জীবিকার বিকাশ নিশ্চিত করার পাশাপাশি শিল্পক্ষেত্রে আত্মনির্ভরশীলতার ভিত্তি স্থাপন করেছিলেন তিনি। বাংলার দুর্ভিক্ষের সময় তাঁর মানবিক প্রচেষ্টা দুর্দশাগ্রস্তদের প্রতি তাঁর গভীর সহানুভূতির প্রতিফলন। সর্বোপরি, ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি তাঁর অবিচল অঙ্গীকার এক চিরস্থায়ী অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। আজ আমরা যখন 'বিকশিত ভারতের' পথে এগিয়ে চলেছি, তাঁর স্বপ্ন আমাদের পথকে আলোকিত করে চলেছে।"

শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, "ভারত মাতার বীর সন্তান, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও এক বিশিষ্ট জাতীয়তাবাদী ব্যক্তিত্ব ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর শুভমুহূর্তে আমি তাঁর প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। জাতীয় ঐক্য ও জনসেবার প্রতি তাঁর অবিচল অঙ্গীকার সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে।"

এদিকে শ্যামাপ্রসাদের জন্মদিবস পালন উপলক্ষে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে কলকাতায় তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। শ্যামাপ্রসাদের অবদানকে পুনরায় পশ্চিমবঙ্গের সাধারণ জনতার, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মোদির পশ্চিমবঙ্গ সফরের পর এবার শ্যামাপ্রসাদের জন্মদিবসে বাংলায় শাহের সফর। আজ তাঁরই হাত ধরে শ্যামাপ্রসাদের ভূমিকার কথা আপামর বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছে বিজেপি।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম বার্ষিকীতে আজ সেজে উঠেছে তাঁর স্কুল ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন। ১৯০৬ সাল থেকে ম্যাট্রিক পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করেছেন শ্যামাপ্রসাদ। তাই আজকের দিনে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে স্কুল বাড়িকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আসবেন স্কুলের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। তার আগে প্রস্তুতি একেবারে তুঙ্গে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali