কলকাতা: ভয়হীন শিল্প বান্ধব সরকার গড়ার বার্তা দিয়ে বাংলায় শিল্প নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। টাটার মতো শিল্পগোষ্ঠির বাংলায় শিল্প স্থাপনে বাধাপ্রাপ্ত হওয়া নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে শমীক জানালেন বাংলায় ফিরছে টাটা। শুধু তাই নয় সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির সরকারি পরিকল্পনা নিয়ে বড় দাবি বিজেপির রাজ্য সভাপতির।
শমীক ভট্টাচার্যের কথায়, "আগামী ১০০ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে 'আমুল' পরিবর্তন আসবে।" একইসঙ্গে তিনি জানিয়েছেন বাংলায় বিনিয়োগের জন্য ইতিমধ্যেই ইচ্ছে প্রকাশ করেছেন বহু দেশের প্রথম সারির উদ্যোগপতিরা।
শুক্রবার বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে আলোচনাচক্রে উদ্যোগপতিদেরও 'সতর্ক' থাকতে বললেন শমীক ভট্টাচার্য। "আমরা চার ঘণ্টার বিজেপিদের 'খুঁজছি, আপনারাও চার ঘণ্টার বিজেপির সন্ধান পেলে জানাবেন, ব্যবস্থা নেব।" রাতারাতি তৃণমূল থেকে যাঁরা বিজেপি হতে চাইছেন তাঁদের জন্য স্পষ্ট বার্তা দিয়ে এই ধরণের 'পাল্টিবাজ'দের জন্য যে বিজেপির দরজা বন্ধ তাও বণিক সভার প্রতিনিধিদের এদিন স্পষ্ট জানান শমীক।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, শিল্পে জুলুমবাজি, সিন্ডিকেটরাজ, তোলাবাজি বরদাস্ত নয়। বাংলার নতুন শাসকদল হিসেবে বিজেপির তরফে 'শিল্প বন্ধু' বার্তাও এদিন দেন বঙ্গ পদ্ম সেনাপতি তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য।
শুক্রবার কলকাতায় বণিকসভার এক অনুষ্ঠানে বাংলায় বিজেপি সরকারে আসায় সংবর্ধনা জানানো হয় শমীক ভট্টাচার্যকে। বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে কথোপকথন পর্বে এদিন অংশ নেন শমীক ভট্টাচাৰ্য। আর সেখানেই তিনি জানান, 'আমরা টাটাকে ফিরিয়ে আনবই।'
একইসঙ্গে শমীকের বার্তা, 'সরকার চলছে পার্টি অফিস থেকে', এমনটা আর নয়। বিজেপি সরকার নয়, রাজ্যের সরকার হবে পশ্চিমবঙ্গ সরকার।" কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ-সহএকাধিক শীর্ষ নেতৃত্ব বাংলায় শিল্প স্থাপনের বিষয়ে ওয়াকিবহাল ও কার্যকরী ভূমিকা নিচ্ছেন বলেও জানান বিজেপি রাজ্য সভাপতি।

