Dailyhunt
South 24 Parganas News: ঝড়ের মধ্যে বাড়ি ফেরার সময় ভেঙে পড়ল নারকেল গাছ! পারুলিয়ার স্কুল ছাত্রীর মর্মান্তিক পরিণতি, টিউশন থেকে ফেরার তাড়ায় সব শেষ

South 24 Parganas News: ঝড়ের মধ্যে বাড়ি ফেরার সময় ভেঙে পড়ল নারকেল গাছ! পারুলিয়ার স্কুল ছাত্রীর মর্মান্তিক পরিণতি, টিউশন থেকে ফেরার তাড়ায় সব শেষ

ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ মাঝ বৈশাখে রাজ্যের জেলায় জেলায় ঝড়বৃষ্টি চলছে। দুর্যোগের জেরে একাধিক এলাকায় দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির ছবি। এই মাঝেই দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঝড়ের মধ্যে টিউশন থেকে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে গাছ পড়ে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রীর।

পারুলিয়া কোস্টাল থানা এলাকার আব্দালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম অঙ্কিতা কয়াল, বয়স ১৫ বছর। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুনঃঝড়বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড রায়গঞ্জ! ভাঙল গাছপালা-বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান

জানা যাচ্ছে, জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা অঙ্কিতা পারুলিয়া হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দালপুর গ্রামে টিউশন পড়ে বন্ধুদের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল সে। তখন হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে অঙ্কিতার সঙ্গে থাকা অন্যান্য বন্ধুরা অপেক্ষা করলেও গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার তাড়ায় অঙ্কিতা একাই বাড়ির উদ্দেশে রওনা দেয়। মাঝরাস্তায় ঝড়ের দাপটে একটি নারকেল গাছ তার উপর ভেঙে পড়ে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অঙ্কিতার মৃত্যুতে গ্রামের অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে শোকস্তব্ধ পরিবার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali