সুন্দরবন: সুন্দরবনে ফের বাঘের হামলা! জঙ্গল লাগোয়া এলাকায় জাল গুছিয়ে রাখার সময় আচমকাই মৎস্যজীবীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। বাঘের হামলায় গুরুতর জখম হয়েছেন কুলতলীর মৈপীঠ কোস্টাল থানার নগেনাবাদ এলাকার বাসিন্দা আজিজ মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলিশ মাছ ধরতে কয়েকজন মৎস্যজীবীর সঙ্গে ট্রলারে করে সুন্দরবনের জঙ্গল সংলগ্ন এলাকায় গিয়েছিলেন আজিজ।
মাছ ধরার প্রস্তুতিতে জাল গুছিয়ে রাখার সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁর উপর হামলা চালায় বাঘ। সঙ্গে থাকা মৎস্যজীবীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য কুলতলীর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্ত্রী ও চার সন্তান রয়েছে আজিজ মোল্লার। পরিবারের প্রধান উপার্জনক্ষম সদস্যের এই অবস্থায় উদ্বেগে পরিবার।
সুন্দরবনে মাঝে মাঝেই এমন বাঘের হানায় বহু মানুষের মৃত্যুর খবর শিরোনামে এসেছে। আর এই নিয়েই সুন্দরবন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মাছ-কাঁকড়া ও মধু সংগ্রহ করতে যাওয়া বহু মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে সুন্দরবনে গোবিন্দ গায়েন নামে এক ব্যক্তি-সহ তিনজন বৈধ পাস নিয়ে পাখিরালার জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন। জঙ্গলের মধ্যে মধু সংগ্রহের সময় অতর্কিতে একটি বাঘ হামলা চালায় গোবিন্দের উপর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুই সঙ্গী মৃতদেহ উদ্ধার করে মইয়ের ঘাটে নিয়ে আসেন।
কিছু দিন আগেই সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় আরও এক মৎস্যজীবীর মৃত্যু হয়। সুন্দরবন কোস্টাল থানা এলাকার ছোট মোল্লাখালির ৯ নম্বর কালিদাসপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনিও দুই প্রতিবেশীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

