কালীঘাট তৃণমূলে কি আরও ভাঙন ধরবে? আরও বাড়বে তৃণমূলের বিদ্রোহী সাংসদের সংখ্যা? দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে সেই জল্পনাই আরও জোরাল হল।
এ দিন দিল্লিতে তৃণমূল ত্যাগী ২০ জন এনসিপিআই সাংসদের সঙ্গে এক ঘণ্টারও বেশি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, আজকে এনসিপিআই সাংসদদের সঙ্গে বঙ্গভবনে মধ্যাহ্নভোজ করলাম। নিজেদের বেশ কিছু সমস্যার কথা তাঁরা আমাকে জানাতে চেয়েছিলেন, সেগুলি শুনলাম। সাংসদ তহবিলের টাকা খরচ নিয়েও কথা হয়েছে।
এ দিন সকালে এনডিএ-এর বৈঠকে যোগ দেননি মুর্শিদাবাদ থেকে নির্বাচিত তিন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। যদিও দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন ওই তিন জন সাংসদই।
এনসিপিআই-এ যোগ দেওয়া সব সাংসদই বৈঠকে ছিলেন কি না প্রশ্ন করায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে শুভেন্দু বলেন, বৈঠকের ছবি তোলা হয়েছে তো। এক, দুই, তিন, চার করে গুনে দেখে নিন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তেও পারে।
তৃণমূলে বিদ্রোহী সাংসদের সংখ্যা আরও বাড়তে পারে কি না প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, এটা তো সবে শুরু, দেখুন না এর পর আর কী হয়!
লোকসভায় খাতায় কলমে তৃণমূলের সাংসদ সংখ্যা ২৮। তার মধ্যে ২০ জনই এনসিপিআই-তে যোগ দিয়েছেন। এ দিনের বৈঠক শেষে এনসিপিআই-তে যোগ দেওয়া হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও বলেন, আমরা ২০ জনই একসঙ্গে ছিলাম, একসঙ্গেই আছি। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্রের খবর বৈঠকে একাধিক সাংসদ নিজেদের এলাকা নিয়ে বেশ কিছু প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আকারে জমা দিয়েছেন। আবার অনেক এলাকায় সাংসদ ঘনিষ্ঠ কর্মী, সমর্থকরা বিধানসভা ভোটের পর এলাকায় ঢুকতে পারছেন না বলেও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন বৈঠকে উপস্থিত এনসিপিআই সাংসদরা।

