কলকাতাঃ মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার অভিযোগ। মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর আত্মসায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বাইকে করে এসে স্করপিও গাড়িতে থাকা চন্দ্রনাথ রথকে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় তিন থেকে চারজন আততায়ীর যোগ। চারচাকা গাড়ি থেকে নেমে গুলি চালানো হয়েছে বলে অনুমান। অন্যদিকে, বাইক প্রস্তুত ছিল পালিয়ে যাওয়ার জন্য। চন্দ্রনাথের গাড়ির পাশেই এসে দাঁড়িয়েছিল বাইক।পুলিশের অনুমান বিকেল থেকেই আততায়ীরা অপেক্ষা করছিল। কারণ দোলতলার সাহারা ব্রিজের কাছে ৩ঃ৫৭ মিনিটে চার চাকার গাড়িটি দেখা গিয়েছিল।
জানা গিয়েছে, বুধবার দিনভর শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন চন্দ্রনাথ রথ। রাতে বাড়ি ফেরার সময় উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের কাছে ওই গাড়িটি একটি বিরিয়ানির দোকানের সামনে থেমেছিল। গাড়ির চালকের পাশের আসনে বসছিলেন চন্দ্রনাথ রথ। খুব কাছ থেকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় অভিযুক্তরা। চন্দ্রনাথ রথের শরীরে অন্তত তিনটি গুলি লেগেছে বলে খবর। গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।

