কলকাতা: শিবির বদল করতে পারেন লোকসভার আরও দুই সাংসদ? রাজনৈতিক মহলে কানাঘুঁসো তৃণমূল কংগ্রেসের আরও দুই সাংসদ NCPI-তে যেতে পারেন। সূত্রের খবর NCPI এর এক নেত্রীর সঙ্গে এই বিষয়ে নাকি দীর্ঘ আলোচনা হয়েছে। সেই সূত্র ধরে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গেও তাঁদের বারবার যোগাযোগ হয়েছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কালীঘাট তৃণমূল।
সূত্রের খবর, এর মধ্যে এক সাংসদকে কালীঘাট শিবিরের নানা কর্মসূচীতে ভোট পরবর্তী সময়ে দেখা গিয়েছে। অপর সাংসদকে প্রকাশ্যে সেই ভাবে দেখা যায় না।
একদিকে, তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় দাবি করেছেন, দুই সাংসদ কালিঘাট শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন। এরই মধ্যে পাল্টা দুই সাংসদের শিবির বদল ঘিরে জোর চর্চা রাজধানীতে। সূত্রের খবর, এর মধ্যে এক সাংসদের সঙ্গে নাকি আগেও কথা বলেছিল বিপক্ষ শিবির। তবে তিনি অবশ্য সেই সময়ে প্রস্তাবে সাড়া দেননি। বর্তমানে তিনি নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছেন। অপর যে সাংসদকে প্রকাশ্যে সেই ভাবে দেখা যায় না, তিনিও নাকি নতুন প্রস্তাবে অমত পোষণ করেননি।
প্রসঙ্গত, ছাব্বিশের নির্বাচনে হারের পরে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। তিন টুকরো হয়ে গিয়েছে। ২০ লোকসভা সাংসদ তৃণমূল ত্যাগ করে এনসিপিআই-তে যোগদান করে এনডিএ-কে সমর্থনের কথা ঘোষণা করেছে। সম্প্রতি তাঁদের এনডিএ-র বৈঠকেও দেখা গিয়েছে। রাজ্যসভার তিন সাংসদও তৃণমূল থেকে ইস্তফা দিয়ে বিজেপি সাংসদ হিসাবে দল বদল করেছেন। এরই সঙ্গে চলছে আসল-নকল তৃণমূল তরজা। কিছুদিন আগেই কালীঘাট শিবিরের দুই সাংসদের নাড্ডার সঙ্গে এক টেবিলে ভোজ সারার ছবি। প্রথমে জে পি নাড্ডার সঙ্গে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তখনও ওঠে দলত্যাগের জল্পনা।

