পূর্ব মেদিনীপুর: গ্রেফতার তৃণমূলের জেলা পরিষদ সদস্য রবীন মণ্ডল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের তাবড় তৃণমূল নেতাকে রবিবার গ্রেফতার করে পুলিশ। একাধিক অভিযোগ রয়েছে রবীন মণ্ডলের বিরুদ্ধে। চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ। পাশাপাশি বাজকুল কলেজে সশস্ত্র হামলা এবং বোমাবাজির অভিযোগেই তৃণমূল নেতা রবীন মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে।
সদ্য শেষ হওয়া ছাব্বিশের বিধানসভা ভোটে খেজুরী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ধৃত রবীন মণ্ডল। নির্বাচনে হেরে যান তিনি। চাকরি দেওয়ার নামে তোলা তোলার অভিযোগে রবিবার তাকে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতা রবীন বর্তমানে ভগবানপুর ১ নম্বর ব্লকের তৃণমূল দলের সভাপতি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বর্তমান সদস্য।
প্রসঙ্গত, কাটমানির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতেই কাটোয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। জয়নগরে গতকালই গ্রেফতার করা হয়েছে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের শ্যালককে। শ্যালকের স্ত্রীকেও গ্রেফতার করা হয়। জানা যায়, বিধায়কের শ্যালকের স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি। সরকারি ত্রাণ মজুতের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। বাড়ি-গোডাউন-তৃণমূল অফিসে পুলিশের হানাগোডাউনে উদ্ধার ত্রাণের কম্বল-প্রচুর লাঠি।
অন্যদিকে, বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেওয়াল লিখনে নাম লেখা হয়ে যায় রবীন মণ্ডলের। ভোটের মুখে সেই নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। পরে প্রার্থী হিসেবেও তার নামই ঘোষণা করে তৃণমূল। যদিও ভোটে হেরে যান তিনি।

