নয়গড়: ওড়িশার এক কিশোর মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য একটি ফাটলের ভেতরে হাত ঢোকাতে গিয়েছিল। এরপর যা ঘটল, তা দুঃস্বপ্নের মতোই ভয়াবহ। যন্ত্রণাদায়ক আট ঘণ্টা ধরে ছেলেটির মাথা পাথরের ফাঁকে আটকে ছিল, আর সে প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে তাকিয়ে ছিল। কারণ সেই সংকীর্ণ জায়গায় তার সঙ্গে ছিল একটি বিষধর সাপ।
শিবা প্রধান নামের ওই কিশোর বুধবার তার কাকার সঙ্গে নয়গড় জেলার কানিপাড়া জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিল। মধু সংগ্রহের সময় প্রধান একটি টিলার পাথরের ফাটলের ভেতরে মৌচাক দেখতে পায় এবং ভিতরে প্রবেশ করে।

ফাটলের গভীরে থাকা একটি মৌচাকের কাছে পৌঁছানোর চেষ্টা করার সময় শিবার মাথা ফাটলের মধ্যে আটকে যায়। তার কাকা তাকে মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তার পর উপায়ন্তর না দেখে তিনি সাহায্যের জন্য গ্রামবাসী ও পরিবারের সদস্যদের ডাকেন। কিন্তু সকলের সব চেষ্টা ব্যর্থ হলে পুলিশকে খবর দেওয়া হয়।
ওড়াগাঁও এবং নয়গড় থেকে পুলিশ ও দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এক পুলিশকর্তা জানান, "ফাটলের ভিতরে ওই কিশোরের সঙ্গে একটি বড় বিষধর সাপ থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়।" পুলিশ সূত্রে জানানো হয়েছে, "আট ঘণ্টা পর শিবাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সে গুরুতর কোনও আঘাত পায়নি।"

