দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের ডিটিপিএস এলাকায় ৮০০ মেগাওয়াটের নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর আগেই নতুন উপহার দিল দামোদর ভ্যালি কর্পোরেশন। ইতিমধ্যেই ওই এলাকায় একটি অত্যাধুনিক স্মার্ট ফ্রি প্রাইমারি স্কুলের উদ্বোধন করা হয়েছে ডিভিসির উদ্যোগে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্কুলে এলাকার পড়ুয়ারা অত্যাধুনিক উপায়ে বিনামূল্যে পঠন-পাঠনের সুযোগ পাবে।
উল্লেখ্য, ডিটিপিএস এলাকায় বর্তমানে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৮০০ মেগাওয়াটের একটি নতুন ইউনিট তৈরির কাজ চলছে। তবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় পরিকাঠামো উন্নয়নের দিকেও বিশেষ নজর দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এই প্রকল্পের অংশ হিসেবে গোটা এলাকাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।
ডিভিসি কর্তৃপক্ষের বক্তব্যে জানা গিয়েছে, সেখানে অত্যাধুনিক হাসপাতাল, উন্নত রাস্তাঘাট থেকে শুরু করে ব্যাঙ্ক, পোস্ট অফিস এবং পুলিশ ফাঁড়ির মতো পরিষেবা হাতের কাছে থাকবে। সেই প্রকল্পের অংশ হিসেবেই এই অত্যাধুনিক বিদ্যালয়টি গড়ে তোলা হয়েছে যেখানে বিনামূল্যে উচ্চমানের পড়াশোনার সুযোগ পাবে খুদে পড়ুয়ারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই স্কুলটির উদ্বোধন করেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান এস সুরেশ কুমার। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডিভিসি-র দুই পরামর্শদাতা দিলীপ অগস্তি ও তথাগত পাণ্ডে। এ ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদি। এই বিশেষ উদ্যোগের ফলে এলাকার শিক্ষা ব্যবস্থার এক আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

