Dailyhunt
West Bengal Education: স্নাতকে ভর্তিতে বড় বদল? 'বেস্ট অফ ফোর'-এর পাশাপাশি বিষয়ভিত্তিক নম্বরেও জোর কলকাতা বিশ্ববিদ্যালয়ের

West Bengal Education: স্নাতকে ভর্তিতে বড় বদল? 'বেস্ট অফ ফোর'-এর পাশাপাশি বিষয়ভিত্তিক নম্বরেও জোর কলকাতা বিশ্ববিদ্যালয়ের

লকাতা: উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তনের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র 'বেস্ট অফ ফোর' বা সেরা চারটি বিষয়ের নম্বরের উপর নির্ভর না করে, নির্দিষ্ট বিষয়ের প্রাপ্ত নম্বরকেও সমান গুরুত্ব দিয়ে মেধাতালিকা তৈরির পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই প্রস্তাবের চূড়ান্ত রিপোর্ট চলতি সপ্তাহেই উচ্চ শিক্ষা দফতর-এ জমা দেওয়া হতে পারে।

রাজ্যের তরফে আগে অভিন্ন মেধাতালিকা প্রকাশের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে 'বেস্ট অফ ফোর'-এর ভিত্তিতে ছাত্রছাত্রীদের মূল্যায়নের কথা বলা হয়। কিন্তু সম্প্রতি বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে এই পদ্ধতি নিয়ে আপত্তি ওঠে। এরপরই বিষয়ভিত্তিক নম্বরের গুরুত্ব নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়।

এই আপত্তি তোলা কলেজগুলির মধ্যে অন্যতম লেডি ব্রেবোর্ন কলেজ। কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানান, অতীতে 'বেস্ট অফ ফোর' পদ্ধতিতে ভর্তি নিতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। তাঁর কথায়, অনেক সময় কোনও পড়ুয়া নির্দিষ্ট বিষয়ে দুর্বল হওয়া সত্ত্বেও শুধুমাত্র মোট নম্বরের ভিত্তিতে সেই বিষয়েই ভর্তি হয়ে যায়, ফলে পরবর্তী সময়ে পড়াশোনায় সমস্যার সৃষ্টি হয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন, এক ছাত্রীর গণিতে নম্বর কম থাকলেও অন্যান্য বিষয়ে উচ্চ নম্বরের কারণে তাকে রাশিবিজ্ঞানে ভর্তি নিতে হয়েছিল। পরে ওই বিষয়টি সামলাতে তার যথেষ্ট অসুবিধা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও মনে করছে, যে বিষয়ে কোনও পড়ুয়া স্নাতক স্তরে পড়তে চায়, সেই বিষয়ে তার প্রাথমিক ধারণা ও দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। তাই 'বেস্ট অফ ফোর'-এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ের নম্বরকেও গুরুত্ব দিয়ে মেধাতালিকা প্রস্তুতের বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি তৈরি হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ জানিয়েছেন, "বেস্ট অফ ফোর-এর পাশাপাশি বিষয়ভিত্তিক নম্বরকে গুরুত্ব দিয়ে অভিন্ন মেধাতালিকা প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।" এখন নজর আগামী রিপোর্টের উপরই-চূড়ান্ত সিদ্ধান্তের পরেই পরিষ্কার হবে, নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় ঠিক কী নিয়ম কার্যকর হতে চলেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali