বিশ্বজিৎ সাহা, কলকাতা:সুস্পষ্ট নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমভাগ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থিত। উত্তর প্রদেশ থেকে নিম্নচাপ অক্ষরেখা সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের পর সাগর দ্বীপের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। অতি ভারী বৃষ্টি হবে বেশ কিছু জেলায়। টানা ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বলে জানিয়েছে আবহাওা দফতর।
দক্ষিণবঙ্গে আজ, বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা প্রায় সব জেলারই কিছু অংশে রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি বা বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ দিন বেশিরভাগ জেলার কিছু অংশে রয়েছে।
কলকাতাতেও আজ, বুধবার সকাল থেকে মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।
নিম্নচাপের প্রভাবে সোম ও মঙ্গলবার প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে কলকাতায়। দুর্ভোগে পড়েন অফিসযাত্রী থেকে স্কুল-কলেজমুখী পড়ুয়ারা। কলকাতার যত্রতত্র যানজট তৈরি হয়। জল জমে নানা জায়গায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উপকূল ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগোচ্ছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট জারি থাকবে।

