বিশ্বজিৎ সাহা, কলকাতা:আজ, বৃহস্পতিবার কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনা জোরালো রয়েছে। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুর কিছু অংশে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগাম বর্ষা পৌঁছেছিল। মৌসম ভবনের অনুমান ছিল মে মাসেই বর্ষা ঢুকে যাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে।
ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের দিন আদতে পয়লা জুন।
এদিকে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু। গরম ও অস্বস্তি কাটিয়ে ঝড়বৃষ্টি শুরু হবে সব জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। উইকেন্ডে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা:
আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।
আগামীকাল শুক্রবার উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।
উইকেন্ডে শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।
রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।
সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।
মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি অব্যাহত থাকবে। তার মাঝেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে ঝড়বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি কমবে না। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে সঙ্গে 'ফিল লাইফ টেম্পারেচার' অনেকটা বেশি অনুভূত হবে ।
শুক্রবার এবং রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি হবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামিকাল, শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে।
শনিবার সামান্য কমবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলাতে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। মঙ্গলবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে।
কলকাতার আবহাওয়া:
গরম এবং অস্বস্তি চরমে। সকাল থেকেই ঘাম প্যাচপ্যাচে আবহাওয়া। তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে 'ফিল লাইক টেম্পারেচার' ৪০ বা তার বেশি অনুভূত হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা ও সংলগ্ন জেলায় শুক্রবার থেকে রবিবারে। কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৯ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকার সম্ভাবনা ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়নি।

