সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যুবসাথী (Banglar Yuva Sathi) প্রকল্পের টাকা ইতিমধ্যেই বেকার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে আবার অধিকাংশদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা ঢোকেনি। সেই কারণে চিন্তায় পড়ছে অনেক আবেদনকারী। তারা দাবি করছে, সঠিকভাবে আবেদন করা সত্ত্বেও এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি।
তবে এই সমস্যা অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু কারণে হয়ে থাকে। জেনে নিন বিস্তারিত।
কেন অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হচ্ছে?
অনেক আবেদনকারী অভিযোগ করছে যে, তারা সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দিয়েছিল এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টও দিয়েছিল। কিন্তু তারা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি। তবে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় না থাকা। হ্যাঁ, সরকারি প্রকল্পের অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই পাঠানো হয়। অর্থাৎ, সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায়। কিন্তু যদি অ্যাকাউন্টে এই ডিবিটি সুবিধা না থাকে, তাহলে সেই অর্থ পৌঁছতে সমস্যা হতে পারে।
দ্বিতীয়ত যে সমস্যা তা হল কেওয়াইসি আপডেট না থাকা। হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকলে অনেক সময় সরকারি প্রকল্পের টাকা আসতে দেরি হয়। তাই যারা এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি, তারা সময় মতো করে নিন। তৃতীয়ত, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তাই এই ধরনের অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের অর্থ জমা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আগে ব্যাঙ্কে গিয়ে চেক করুন যে আপনার অ্যাকাউন্ট আদৌ সক্রিয় আছে কিনা। আর সবথেকে বড় ব্যাপার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যাদের আধার কার্ড লিঙ্ক নেই, তাদের এই প্রকল্পের টাকা ঢুকবে না। এমনকি ঢুকলেও তা অনেক দেরি হতে পারে। তাই আগে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে ফেলুন।
ফিরিয়ে দিতে হবে সিলিন্ডার, মিলবে না LPG কানেকশন! এদের জন্য বড় নির্দেশ কেন্দ্রের
রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প যুবসাথী
জানিয়ে রাখি, চলতি বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী প্রকল্পের শুভ সূচনা করেন, যেখানে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবে। তবে তার জন্য অবশ্যই তাকে মাধ্যমিক পাস করতে হবে। ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী জানান যে, ১ এপ্রিল থেকেই ভাতা দেওয়া হবে। কিন্তু ধর্মতলার ধরনা মঞ্চে আবারো নিজের কথা পরিবর্তন করে চলতি মাস থেকেই এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু করেছেন মমতা। আর সেই অনুযায়ী বেকারদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তাই যদি আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা না ঢুকে থাকে, তাহলে অবশ্যই এই বিষয়গুলি নজরে রাখুন।
