ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুখবর! আগামী ৩ জুন থেকে চালু হতে চলেছে 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলা থেকে ২ লক্ষ ৮ হাজার ৫০০ জন উপভোক্তার তালিকা চূড়ান্ত করা হয়েছে।
তবে, এই বিশাল ডেটাবেস চূড়ান্ত করতে প্রশাসনের কালঘাম ছুটছে।
প্রশাসন সূত্রে খবর, ২৫টি ব্লক এবং ৫টি পৌরসভা এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ফর্ম বিতরণ ও জমা দেওয়ার কাজ চললেও দুটি বড় সমস্যা দেখা দিয়েছে। প্রথমত, ১৩ পাতার আবেদনপত্র পূরণ করতে সাধারণ মানুষের দীর্ঘ সময় লাগছে। দ্বিতীয়ত, অফলাইন ফর্মের তথ্য কম্পিউটারে আপলোড করতে গিয়ে সার্ভারে সমস্যা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে গত রবিবার রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুরেন্দ্র গুপ্তা পূর্ব মেদিনীপুর জেলা সফর করেন এবং দ্রুত তালিকা তৈরির নির্দেশ দেন।
এদিকে, এই নতুন প্রকল্পের তৎপরতার মাঝেই পূর্ব মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় কাটছাঁট করা হয়েছে। জেলায় ১৪ লক্ষ ২৮ হাজার উপভোক্তার মধ্যে প্রায় ১ লক্ষ নাম বাদ যেতে পারে। মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার এবং ৬০ বছর বয়সের বেশি বয়সীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। নতুন প্রকল্প নিয়ে গ্রামের মহিলাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

