ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ তৃণমূলের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়র একটি দীর্ঘ ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার গভীর রাতে করা সেই পোস্টে তিনি দলের শীর্ষ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে কড়া পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন।
বাবুল সুপ্রিয়র দাবি, ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই যদি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। নিজের পোস্টে বাবুল দলত্যাগী জনপ্রতিনিধিদের কড়া ভাষায় আক্রমণ করেছেন।
তিনি বলেছেন, নির্বাচিত হওয়ার পর দলত্যাগ করলে সাংসদ বা বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়া উচিত। বিজেপি ছাড়ার সময় তিনি নিজে সাংসদ পদ ত্যাগ করেছিলেন, সেই উদাহরণও টেনেছেন। তবে সবচেয়ে বেশি জল্পনার জন্ম দিয়েছে তাঁর একটি রহস্যময় মন্তব্য। নাম না করেই বাবুল লিখেছেন, একজন ব্যক্তি তাঁকে বিস্মিত করেছেন, কারণ তিনি কখনও ভাবেননি যে ‘একজন সাপ মানুষের ছদ্মবেশে’ তাঁদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন।
এই মন্তব্য কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এছাড়াও, বাবুল সুপ্রিয় তাঁর পুরনো দল বিজেপিকেও পরোক্ষভাবে সতর্ক করেছেন, অন্য দল থেকে নেতাদের দলে নেওয়ার ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে বলেছেন। যদিও বাবুল এটিকে ব্যক্তিগত মতামত বলেছেন, তবুও তৃণমূল সাংসদের মুখে দলীয় নেতৃত্বের এমন প্রকাশ্য সমালোচনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

