ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে কোনও অন্তর্বর্তী রেহাই দিল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাস স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, এখনই সুজিত বসুকে গ্রেফতারি থেকে কোনও স্বস্তি দেওয়া হবে না। একইসঙ্গে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে সুজিত বসুর গ্রেফতারি সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে আদালতে জমা দিতে বলা হয়েছে।
এই নির্দেশের ফলে তৃণমূল নেতা সুজিত বসু আরও অস্বস্তিতে পড়লেন। গত ১১ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ১৯ (১) ধারায় তাঁকে গ্রেফতার করা হয়। এরপর বিশেষ আদালতে পেশ করা হলে তাঁকে ইডি হেফাজতে পাঠানো হয় এবং পরে তিনি জেল হেফাজতে যান। নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজিত বসু। বৃহস্পতিবার তাঁর আইনজীবী এ বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলা দায়েরের অনুমতি পান।
আজ ছিল সেই মামলার শুনানি। শুনানিতে সুজিত বসুর আইনজীবী সিদ্ধার্থ লুথরা দাবি করেন, তাঁর মক্কেল গ্রেফতারিকে চ্যালেঞ্জ করছেন এবং তিনি অভিযুক্ত নন। তবে আদালত কোনও রকম রিলিফ দিতে রাজি হয়নি। বিচারপতির পর্যবেক্ষণ, বিষয়টি বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। তাই নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানি হবে। সুজিত বসুকেও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

